ট্রাম্পের আলোচনার দাবিকে বাতিল করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের ‘ঢেউ’ পাঠাল ইরান
বিয়ারশেবা শহরের একটি এলাকায় পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও কেউ আঘাত পেয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে বাতিল করে দিয়ে ইসরায়েলের দিকে ঢেউয়ের পর ঢেউয়ের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
মঙ্গলবার টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইসরায়েলে পাঁচবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি কোনো আঘাত হেনেছে বা এতে কেউ আহত হয়েছে বলে খবর হয়নি।
মূলত ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্যস্থল করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ওই অঞ্চলজুড়ে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনবরত সতর্কতামূলক সাইরেন বেজেছে। অধিকাংশ ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করা হলেও একটি বিয়ারশেবা শহরের বাইরে খোলা জায়গায় পড়েছে বলে ইসরায়েল দাবি করেছে।
এক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিয়ারশেবা শহরের একটি এলাকায় পড়েছে। এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও কেউ আঘাত পেয়েছে কি না, তা খতিয়ে দেখছে শহরটির পুলিশ ও চিকিৎসা কর্মীরা।
রয়টাসের খবর অনুযায়ী, এর আগে তেল আবিবসহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ওই অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ও ইন্টারসেপ্টর থেকে ছোড়া প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রগুলোর বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে। এরমধ্যে এক হামলার ঘটনায় ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের খবর হয়নি।
ইসরায়েলের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানের আরেকটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে, এবার ইসরায়েলের মধ্যাঞ্চলকে লক্ষ্যস্থল করা হয়েছে। ওই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করতে সাইনের বাজানো হবে বলে জানিয়েছে তারা।
হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে ওই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু তার আগেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা চলছে, এমনটি দাবি করে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকি থেকে আপাতত পিছু হটেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আগামী পাঁচ দিনের মতো ‘সেই হামলা’ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
তার এ ঘোষণার ফলে শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে বাড়তে থাকা তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।
তবে ইরানের পার্লামেন্টের প্রভাবশালী স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ ‘কোনো আলোচনা হচ্ছে না’ বলে জানানোর পর মঙ্গলবার এসব লক্ষণ ঝুঁকিতে পড়ে গেছে। এক ইসরায়েলি কর্মকর্তা ও আরও দুই সূত্র রয়টার্সকে জানিয়েছিলেন, কলিবাফ ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন।
কিন্তু কলিবাফ এক্স এ লিখেছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে চোরাবালিতে আটকা পড়ে গেছে তা থেকে বের হতে এবং শেয়ার বাজার ও তেলের বাজারে কারসাজি করতে ভুয়া খবর কাজে লাগানো হচ্ছে।”
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ট্রাম্পের বক্তব্যকে ‘মনস্তাত্ত্বিক অভিযান’ বলে বর্ণনা করে জানায়, তারা যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোতে নতুন হামলা শুরু করতে যাচ্ছে। ট্রাম্পের ওইসব ‘কৌশল জীর্ণ’ হয়ে গেছে মন্তব্য করে তা তেহরানের লড়াইয়ে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন:
