১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের সঙ্গে ‘প্রধান বিষয়গুলোতে একমত’ হওয়ার দাবি ট্রাম্পের

রোববার আলোচনা হয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আলোচনা এবং তা ফলপ্রসূভাবে চললে শিগগিরই একটি চুক্তি হবে।

ইরানের সঙ্গে ‘প্রধান বিষয়গুলোতে একমত’ হওয়ার দাবি ট্রাম্পের
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 09:25 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান বিষয়গুলোতে একমত’ হয়েছে।

সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। তিনি জানান, রোববার মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

ট্রাম্প বলেন, আলোচনা চলবে এবং আলোচনা ফলপ্রসূভাবে চললে খুব শিগগিরই একটি চুক্তি হবে।

“আমাদের মধ্যে খুবই জোরাল আলোচনা হয়েছে। দেখা যাক এই আলোচনা কোন দিকে নিয়ে যায়। আমাদের প্রধান প্রধান বিষয়ে মতৈক্য হয়েছে। আমি বলব, প্রায় সব প্রধান বিষয়েই আমরা একমত হতে পেরেছি,” বলেন তিনি।

ইরানের কার সঙ্গে আলোচনা চলছে তা ট্রাম্প জানাননি। তবে ইরানের সর্বোচচ নেতার সঙ্গে আলোচনা চলছে না উল্লেখ করে তিনি বলেন, “তেহরানের আরও কিছু নেতা অবশিষ্ট আছেন।”

ট্রাম্পের কথায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানের একজন শ্রদ্ধেয় নেতার সঙ্গে আলোচনা করছেন। তবে সেই নেতার নাম জানাননি তিনি।

এর আগে ট্রাম্প যুদ্ধ শেষ করা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেছিলেন। যদিও ইরান এমন কোনও আলোচনা চলার কথা অস্বীকার করেছে।