২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ দেশের আমাজন সম্মেলন অনুষ্ঠান করছে ব্রাজিল

ব্রাজিল ছাড়াও বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম এবং ভেনেজুয়েলার প্রতিনিধিরা যোগ দিচ্ছেন দুইদিনের এ সম্মেলনে।

৮ দেশের আমাজন সম্মেলন অনুষ্ঠান করছে ব্রাজিল

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

Published : 08 Aug 2023, 08:44 PM

Updated : 08 Aug 2023, 08:47 PM

ব্রাজিলসহ চিরহরিৎ বনাঞ্চল থাকা ৮ টি দেশের নেতারা এ সপ্তাহে এক সম্মেলনে বসছেন। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় বেলে শহরে অনুষ্ঠিত হবে মঙ্গল ও বুধ দুইদিনের এই সম্মেলন।

বন উজাড় এবং অপরাধের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আঞ্চলিকভাবে ব্যবস্থাগ্রহণ নিশ্চিত করতে বহু বছরের মধ্যে প্রথম দক্ষিণ আমেরিকার দেশগুলোর এমন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ব্রাজিল ছাড়াও বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম এবং ভেনেজুয়েলার প্রতিনিধিরা যোগ দিচ্ছেন সম্মেলনে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভার ডাকে অ্যামাজন কো-অপারেশন ট্রিটি অরগানাইজেশন (এসিটিও)-এর এ সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার।

এর আগে গত সপ্তাহে লুলা বিবিসি-কে বলেছিলেন, এই সম্মেলনকে মাইলফলক হিসাবে বিশ্বের দেখা উচিত বলেই তিনি মনে করেন। চিরহরিৎ বন রক্ষায় সম্মেলনে প্রথমবারের মতো অভিন্ন নীতি নেওয়ার চেষ্টা চলবে বলেও জানিয়েছিলেন তিনি।

লুলা বলেন, “এ সম্মেলন নিয়ে আমার অনেক আশা। এবারই প্রথম আমরা আমাজন বন সংরক্ষণ, নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষায় অভিন্ন নীতিমালা নিতে চলেছি।”

লুলা ব্রাজিলের ক্ষমতায় আসার কয়েকমাস পরই এ সম্মেলন হচ্ছে। তিনি ২০৩০ সালের মধ্যেই আমাজন বন উজাড় শুন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

Image

ছবি: বিবিসি।

লুলার পূর্বসূরি জাইর বোলসোনারোর আমলে বন উজাড় অনেক বেড়ে গিয়েছিল। লুলা ক্ষমতায় আসার পর এবছর ২০২২ সালের একই সময়ের তুলনায় বন উজাড় ৬৬ শতাংশ কমে এসেছে বলে দাবি করেছে ব্রাজিল সরকার।

ভারতের দ্বিগুণ আকৃতির বিশাল চিরহরিৎ বন আমাজন আটটি দেশের ভূখন্ড জুড়েই বিস্তৃত হয়ে আছে। জলবায়ু পরিবর্তন বাড়িয়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় এই বিশাল বনাঞ্চল।

ব্রাজিলের মহাকাশ গবেষণা বিষয়ক জাতীয় ইন্সটিটিউটের গবেষক লুসিয়ানা গেট্টি বলেন, “বন উজাড় হলে বায়ুমন্ডলে গ্রিনহাউজ গ্যাস বেড়ে যায়, বৃষ্টি কমে যায় এবং তাপমাত্রা বাড়ে। আমাজানে বন উজাড় করে আমরা জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করছি।”

মঙ্গলবার সকালে সম্মেলনের শুরর সময়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেন, “এসিটিও সহযোগিতা নতুন করে শুরু করা এবং তা বাড়ানো এতটা জরুরি আগে কখনও ছিল না। আমাদের এই সময়ে যে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে এবং সামনে যে সুযোগ (সম্মেলন) তৈরি হয়েছে, সেখানে যৌথ ব্যবস্থা নেওয়ারই দাবি উঠবে।”