২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল আকৃতির বিশাল টুনা, ১৩ লাখ ডলারে বিক্রি

ব্লুফিন এই টুনা মাছটির ওজন ২৭৬ কেজি। জাপানে টোকিওর ওনোদেরা সুশি রেস্তোঁরা চেইন নিলামে মাছটি এ দামে কিনেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 09:58 PM

Updated : 26 Aug 2026, 11:18 AM

জাপানে প্রতিবছরই মাছের বাজারে নিলাম আয়োজন করা হয়। চলতি বছর এই নিলামে ঝড় তুলেছে বিশাল এক ব্লুফিন টুনা মাছ। যার দাম শুনলে চোখ কপালে উঠবে। এক নয়, দুই নয়, পুরো ১৩ লাখ ডলারে (২০ কোটি ৭০ লাখ ইয়েন) বিক্রি হয়েছে এই মাছ।

মাছটির ওজন ২৭৬ কেজি (৬০৮ পাউন্ড)। আকৃতি এবং ওজনে এ মাছ একটি মোটরসাইকেলের সমান বলা যায়। জাপানের রাজধানী টোকিওর জিনজা ওনোদেরা সুশি রেস্তোঁরা চেইন টুনা মাছটি এই দামে কিনেছে। 

টোকিওয় তোয়ুসু মাছের বাজারে নতুন বছরের বার্ষিক নিলামে এটিই কোনও মাছ কেনার জন্য দেওয়া দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। এর আগে ২০১৯ সালে এর চেয়ে বেশি দামে একটি ব্লুফিন টুনা মাছ বিক্রি হয়। 

সেটি কিনেছিলেন জাপানের বিখ্যাত সুশি জানমাই চেইন রেস্তোরার মালিক ও স্বঘোষিত ‘টুনা কিং’ কিয়োশি কিমুরা। সেই মাছটির ওজন ছিল ২৭৮ কেজি। দাম ছিল ৩৩ কোটি ৩৬ লাখ ইয়েন।

জাপানজুড়ে জানমাই রেস্তোঁরার অনেক শাখা আছে। তবে ওই বছরের পর থেকে ওনোদেরাই সবচেয়ে দামি মাছটি কিনে আসছে। গত বছর ১১ কোটি ৪০ লাখ ইয়েনে সবচেয়ে বড় টুনা কিনেছিল ওনোদেরা গ্রুপ। এ বছর আরও বেশি দামে মাছ কিনে গণমাধ্যমে সাড়া ফেলেছে কোম্পানিটি। 

নিলামের পর ওনোদেরার কর্মকর্তা শিনজি নাগাও সাংবাদিকদের বলেন, ‘বছরের প্রথম টুনা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আমাদের প্রত্যাশা, মানুষ এই মাছ খাবে আর অসাধারণ একটি বছর কাটবে।”

প্রতিবারই নতুন বছরের শুরুতে ‘প্রথম টুনা মাছ’ এবং টুনা দিয়ে তৈরি খাবার জাপানিদের খাদ্য তালিকায় প্রাধান্য পায়। তবে করোনাভাইরাস মহামারীর দুই বছরে এই চিত্র ছিল ভিন্ন। কারণ, সে সময় ঘরের বাইরে খাবার খাওয়া নিরুৎসাহিত করার ফলে রেস্তোঁরা ব্যবসা মন্দা হয়ে পড়েছিল।