২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ লেবাননে ইসরায়েলের তুমুল হামলা, ৫ চিকিৎসাকর্মী নিহত

ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইসরায়েল। আর এ হামলা যুক্তরাষ্ট্রের উদ্যোগে দ্রুত যুদ্ধবিরতি হওয়ার আশা কমিয়ে দিয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের তুমুল হামলা, ৫ চিকিৎসাকর্মী নিহত
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2024, 04:03 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

লেবাননের দক্ষিণাঞ্চল এবং রাজধানী বৈরুতের উপকণ্ঠে তুমুল হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবারের এ হামলায় অন্তত ৫ চিকিৎসাকর্মী নিহত হয়েছে। দক্ষিণে স্থলসেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষও হয়েছে।

ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইসরায়েল। আর এ হামলা যুক্তরাষ্ট্রের উদ্যোগে দ্রুত যুদ্ধবিরতি হওয়ার আশা কমিয়ে দিয়েছে।

দক্ষিণ লেবাননের দুটি গ্রামে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি উদ্ধার দলের পাঁচ চিকিৎসাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত এক বছরে ইসরায়েলের হামলায় নিহত ৩,৫০০ জনের মধ্যে ২০০ জনেরও বেশি চিকিৎসাকর্মী বলে  স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে, উত্তর-পূর্বাঞ্চলীয় বালবেক প্রদেশে দার আল-আমাল ইউনিভার্সিটি হাসপাতালের কাছে একটি বাসভবনে ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালের পরিচালক ও তার ছয় সহকর্মী নিহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানায়।

তাছাড়া, দক্ষিণ লেবাননের একটি ইউনিফিল শান্তিরক্ষী ঘাঁটিতে দুটি রকেট বিস্ফোরণে চার ইতালীয় সেনা  আহত হয়েছেন বলে ইউনিফলের এক মুখপাত্র জানিয়েছেন।

হিজবুল্লাহর  শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠেও হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা শনিবার সকালে জানিয়েছে, হামলায় আটতলা ভবন ধসে পড়ে বহু মানুষ হতাহত হয়েছে। লেবাননের আল জাদিদ টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে অন্তত একটি ভবন বিধ্বস্ত ও এর আশপাশে বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

হামলায় ইসরায়েল বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে। এতে গভীর গর্ত তৈরি হয়েছে। হামলার কয়েক ঘণ্টা পরেও বৈরুতে বিস্ফোরকের তীব্র গন্ধ পাওয়া যায়। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে বিস্ফোরণে রাজধানী বৈরুত কেঁপে ওঠে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, অন্তত চারটি বোমা ফেলা হয়েছে। বৈরুতের মধ্যাঞ্চলে চলতি সপ্তাহে এ নিয়ে চতুর্থবারের মত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।  

গত সপ্তাহের রোববার মধ্য বৈরুতের রাস আল-নাবা জেলায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক গণমাধ্যম কর্মকর্তা নিহত হন।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে বিমান হামলায় ইসরায়েল তার দীর্ঘদিনের শত্রু তেহরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহর বেশ কয়েকজন নেতাকে হত্যা করেছে বলে জানিয়েছে রয়টার্স।

গাজা যুদ্ধের কারণে প্রায় এক বছর ধরে চলা আন্তঃসীমান্ত শত্রুতার পর গত সেপ্টেম্বরে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা শুরুর পর ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি জানিয়ে হিজবুল্লাহ আক্রমণ করলে এই সংঘাত শুরু হয়।