২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে ভোটগ্রহণ শেষ, ত্রিমুখী লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠতার পথে নেই কোনও দলই

দেশটির রক্ষণশীল, সংস্কারপন্থি ও জনমুখী-এই তিন দলের লড়াইয়ে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না- তেমনটিই দেখা যাচ্ছে প্রাথমিক ভোট গণনা এবং সর্বশেষ জরিপের ফলে।

থাইল্যান্ডে ভোটগ্রহণ শেষ, ত্রিমুখী লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠতার পথে নেই কোনও দলই
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 10:48 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

থাইল্যাণ্ডে রোববার আগাম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। দেশটিতে কয়েকটি জোট সরকারের পতন এবং গত দুইবছরে তিনজন প্রধানমন্ত্রী আসার পর এই নির্বাচন হল।

দেশের রক্ষণশীল, প্রগতিশীল বা সংস্কারপন্থি ও জনমুখী এই তিন প্রধান রাজনৈতিক দলের ত্রিমুখী লড়াইয়ে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না- তেমনটিই দেখা যাচ্ছে প্রাথমিক ভোট গণনা এবং সর্বশেষ জরিপের ফলে।

বেশিরভাগ জরিপেই কম ব্যবধানে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে সংস্কারপন্থি দল ‘পিপলস পার্টি’ আর প্রধানমন্ত্রী অনুতিন চার্নাইভরাকুলের নেতৃত্বাধীন রক্ষণশীল দল ‘ভুমজাইথাই পার্টি’র মধ্যে। 

গতবার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল জনপ্রিয় সংস্কারপন্থি দল পিপলস পার্টি। তবে সামরিক বাহিনী নিযুক্ত সিনেট সদস্যরা তাদেরকে সরকার গঠনে বাধা দেয়। সাংবিধানিক আদালতও পার্টি ভেঙে দেয়। 

এবারের নির্বাচনে ৫০ টির বেশি দল প্রতিযোগিতায় অংশ নিলেও পিপলস পার্টি, ভুমজাইথাই পার্টি এবং কারাবন্দি সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ফেউ থাই পার্টির ত্রিমুখী লড়াই হচ্ছে।

নির্বাচনের ফল স্থানীয় সময় রাত ১০ টার (১৫ :০০ জিএমটি) দিকে স্পষ্ট হতে পারে বলে আশা করা হচ্ছে। পিপলস পার্টি প্রধানমন্ত্রী অনুতিন নেতৃত্বাধীন রক্ষণশীল পার্টির কাছ থেকে জোরাল চ্যালেঞ্জের মুখে পড়েছে।

কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না- এমন আভাস পাওয়া গেলেও অনুতিন প্রধানমন্ত্রী থেকে যাবেন বলে আশা করা হচ্ছে। ৮ শতাংশ ভোট গণনায় প্রাথমিক ট্যালিতে অনুতিনকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।

অনুতিনের দল ১৭৮ টি নির্বাচনী আসনে জিতবে বলে আভাস পাওয়া যাচ্ছে, যেখানে পিপলস পার্টি জিততে পারে ৭০ টিতে।

অনুতিন গতবছর কম্বোডিয়ার সঙ্গে দুটো সীমান্ত সংঘর্ষে দেশপ্রেমের ভাবাবেগ দেখিয়েছিলেন এবং থাই রাজতন্ত্র ও সামরিক বাহিনীর মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মর্যাদা সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ওদিকে, তৃতীয় প্রধান প্রতিদ্বন্দ্বী দল ফেউ থাই পার্টি অতীতের নির্বাচনগুলোতে তাদের জনবাদী নীতির কারণে আধিপত্য করেছে। এবারের নির্বাচনে অনুতিনের দল এবং ফেউ থাই পার্টি উভয়ই ভোটারদেরকে ভর্তুকি এবং ক্যাশ হ্যান্ডাউট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

কিন্তু ফেউ থাই পার্টি এই নির্বাচনে তেমন সমর্থন পাবে না বলেই ধারণা করা হচ্ছে। কারণ, এই দলের গত জোট সরকার কম্বোডিয়া সঙ্গে সংঘাত ভালভাবে সামাল দিতে পারেনি বলে অভিযোগ আছে। তাছাড়া, দলটির প্রধান সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে জেলে পাঠানো হয়েছে।

থাইল্যান্ডের ভোটাররা এবারের ভোটে পার্লামেন্ট সদস্য নির্বাচিত করার পাশাপাশি নতুন সংবিধান প্রণয়ন প্রশ্নে গণভোটেও অংশ নিয়েছেন।

তারা হলুদ রঙের আরেকটি ব্যালট পেপারে ভোট দিয়েছেন। সেখানে ভোটাররা ‘হ্যাঁ’, ‘না’ এবং ‘মতামত নেই’—এই তিনটির মধ্যে একটিতে ভোট দেন।

থাইল্যান্ডে ২০১৭ সালের সংবিধান সংস্কার করা হবে কি না, সে প্রশ্নে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

২০১৪ সালে সেনা অভ্যুত্থানের পর থাইল্যান্ডে পাঁচ বছর জান্তা শাসন চলার সময় ২০২৭ সালে সেনা সরকারের রচিত সংবিধান কার্যকর হয়েছিল। এই সংবিধানে সিনেটের মতো অনির্বাচিত শক্তির হাতে অতিরিক্তি ক্ষমতা দেওয় হয়েছে বলে অনেক থাই বিশ্বাস করেন।

বিবিসি-কে এক থাই নাগরিক বলেন, “আমি পরিবর্তন চাই। আমি চাই না সবকিছু একরকম থাকুক।”