‘ভাঙা কেক’ পেল শত শত ক্রেতা, জাপানি স্টোরের ক্ষমাপ্রার্থনা
কেক সরবরাহকারী ডিপার্টমেন্ট স্টোর তাকাশিমায়া বলেছে, তারা অনেকের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এর দায় নিচ্ছে।
জাপানের একটি বিলাসবহুল ডিপার্টমেন্ট স্টোর বড়দিনে সরবরাহ করা শত শত ভাঙা কেকের জন্য ক্ষমা চেয়েছে।
বিবিসি জানায়, বড়দিন উপলক্ষে সরবরাহ করা ২,৯০০ স্ট্রবেরি কেকের মধ্যে প্রায় ৮০৭টি কেক গ্রহীতাদের কাছে পৌঁছানোর পর ভাঙা অবস্থায় পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
কেক সরবরাহকারী কোম্পানি তাকাশিমায়া বলেছে, তারা অনেকের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এর দায় নিচ্ছে।
টোকিওয় এক সংবাদ সম্মেলনে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পরিচালক কাজুহিসা ইয়োকোয়ামা মাথা নত করে গভীর অনুশোচনা প্রকাশ করেন।
তাকাশিমায়া বুধবার বলেছে, সাইতামা শহরের মিষ্টান্ন প্রস্তুতকারক প্রতিষ্ঠান উইন’স আর্ক কেকগুলো তৈরি ও হিমায়িত করেছিল। ইয়ামাতো ট্রান্সপোর্ট নামের একটি পৃথক কোম্পানি কেকগুলোর সরবরাহ প্রক্রিয়া পরিচালনা করে। তবে কেকগুলো কেন ভেঙে গিয়েছিল তা উদঘাটন করা যায়নি।
জাপানের জনসংখ্যার ১ শতাংশ খ্রিস্টান। কিন্তু দেশটিতে অনেকেই বড়দিনে উপহার বিনিময় করে এবং প্রিয়জনদের সঙ্গে উৎসব করে খাবার খায়। স্ট্রবেরি কেকের মতো লাল এবং সাদা রঙ বড়দিন উদযাপনের প্রতীক হিসাবে গণ্য হয়। এদিন সন্ধ্যায় জাপানিরা কেএফসি ফ্রাইড চিকেনও খায়।
তাকাশিমায়ার কেকগুলো কয়েকটি পরতে তৈরি করা হয় এবং এতে দেওয়া হয় তাজা স্ট্রবেরি। সাদা পাতলা স্তর এবং স্ট্রবেরিতে কেকগুলো দেখায় অনেকটা জামার মতো। এক একটি কেকের দাম ৫ হাজার ৪০০ ইয়েন।
কিন্তু এই কেকগুলোর বেশিরভাগই সরবরাহ করার পর দেখা গেছে, সেগুলো ভাঙা অবস্থায় ছিল। স্যোশাল মিডিয়ায় সেই ভাঙা কেকের ছবিও পোস্ট হওয়ার পরতা ভাইরাল হয়।
তাকাশিমায়া এ ঘটনার জন্য বড়দিনে ক্ষমা চাওয়ার পর আবার বুধবারও ক্ষমা চেয়েছে।
স্টোরটির ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, আবার এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নত করতে আমাদের বিজনেস পার্টনারদের সঙ্গে সম্পর্ক মজবুত করব।”
