২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টে ছেলের হাতে দায়িত্ব ছাড়বেন ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন

ক্যাম্বোডিয়ায় এবারের জাতীয় নির্বাচনকে বিরোধীরা প্রধানমন্ত্রী হুন সেনের বড় ছেলে হুন মানেটের রাজ্যাভিষেক বলেছেন।

অগাস্টে ছেলের হাতে দায়িত্ব ছাড়বেন ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন

প্রধানমন্ত্রী হুন সেন। ছবি রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 06:40 PM

Updated : 26 Jul 2023, 06:47 PM

বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসকদের একজন ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। আগামী মাসের শুরুতেই তিনি পদত্যাগ করে ছেলের হাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সাবেক খেমার রুজ গেরিলা হুন সেনের বয়স এখন ৭০। গত ৩৮ বছর ধরে তিনি ক্যাম্বোডিয়া শাসন করছেন। দীর্ঘ এই সময়ে তিনি দেশের বিরোধীদল এবং বিরোধী মতকে এতো কঠোর হাতে দমন করেছেন যে সেখানে বিরোধী দল বলতে আসলে কোনো কিছুর অস্তিত্ব নেই।

যে কারণে গত রোববারের জাতীয় নির্বাচনে তার দল ‘একতরফা’ জয়ই পেয়েছে। বিবিসি জানায়, দেশটির পার্লামেন্টর ১২৫ আসনের সবগুলোতেই জিতেছে হুন সেনের দল ক্যাম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)।

নিজে দীর্ঘ সময় দেশ শাসন করার পর গত কয়েক বছর ধরে হুন সেন তার বড় ছেলে হুন মানেটের হাতে ক্ষমতা হস্তান্তরের মঞ্চ প্রস্তুত করছিলেন।

এবারের জাতীয় নির্বাচনের আগে তিনি ঘোষণাও দেন, তার দল ভোটে জিতলে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে ছেলেকে স্থলাভিষিক্ত করবেন। যে কারণে দেশটির বিরোধী নেতারা এবারের নির্বাচনকে বরং হুন মানেটের রাজ্যাভিষেক বলেছেন।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে বিশেষ এক ভাষণে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে হুন সেন বলেন, আগামী ১০ অগাস্ট তার ছেলে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

Image

ছবি: রয়টার্স।

“আমি ঘোষণা দিচ্ছি, আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করব না। আমি জনগণকে বিষয়টি উপলব্ধি করার অনুরোধ জানাতে চাই।”

তিনি এখনও প্রধানমন্ত্রীর পদ ধরে রাখলে অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে কারণ দেখিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

তবে তিনি দলীয় প্রধানের দায়িত্ব পালন করে যাবেন। যা তাকে এখনও একচ্ছত্র ক্ষমতার অধিকারী করে রাখবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

৪৫ বছরের হুন মানেট শুরু থেকেই এবারের জাতীয় নির্বাচনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। বড় বড় সমাবেশ ও র‍্যালিতে প্রায় সময়ই তাকে বাবার পাশে দেখা গেছে।

Image

হুন মানেট। ছবি:রয়টার্স।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নেওয়া মানেট ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমিতেও পড়াশোনা করেছিলেন। যা তাকে ক্যাম্বোডিয়ার সেনাপ্রধান ও সশস্ত্র বাহিনীর উপ-প্রধান হওয়ার পথে সহায়তা করে।

তিনি শেষ পর্যন্ত বাবার মতো কর্তৃত্ববাদী শাসনে দেশ চালানোর পথ বেছে নেবেন, নাকি উদারনীতি ও পশ্চিমা গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেবেন, সেদিকেই চেয়ে থাকবে বিশ্বের বড় বড় পরাশক্তির দেশগুলো।

হুন সেনের সময়ে কম্বোডিয়া যেভাবে চীনের ছায়াতলে আছে, তার ছেলে তা থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রের হাত ধরতে চাইবেন কিনা, তার ওপরও অনেকের নজর থাকবে।