পাল্টা হামলায় ‘দক্ষিণে এগুচ্ছে ইউক্রেইন’
ইউক্রেইনীয় ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি শত্রুমুক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ,বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
রাশিয়ার দখলদার সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলায় দক্ষিণের সেক্টরে ইউক্রেইনের বাহিনী অগ্রগতি অর্জন করছে বলে জানিয়েছেন ইউক্রেইনের সামরিক কর্মকর্তারা।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, “প্রতিটি সেনা, আমাদের নেওয়া প্রতিটি নতুন পদক্ষেপ, ইউক্রেইনীয় ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি শত্রুমুক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
বার্তা সংস্থা রয়টার্স রণক্ষেত্রের পরিস্থিতি যাচাই করতে পারেনি।
ওদিকে,রাশিয়া পাল্টা হামলার প্রাথমিক পর্যায়ে ইউক্রেইনের অগ্রগতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বরং বলেছে,গত ২৪ ঘণ্টায় তারা কিইভ বাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতিসাধন করেছে।
ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে বলেছেন, “সেনারা একইসঙ্গে কয়েকটি দিকে সক্রিয়ভাবে লড়ছে।
“প্রায় সব সেক্টরেই আমাদের সেনা ইউনিটগুলো দক্ষিণে হামলা চালাচ্ছে। তারা পরিকল্পনায় সফলতা পেয়েছে। তারা ধীরে ধীরে সামনে এগুচ্ছে। এ মুহূর্তে তারা প্রতিদিকে ২ কিলোমিটার অগ্রসর হয়েছে।”
ওদিকে, ইউক্রেইনের পূর্বদিকে রাশিয়া বাহিনী ইউক্রেইনের সেনাদেরকে তাদের অবস্থান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানান মালিয়ার।
অন্যদিকে, গত মাসে রাশিয়ার দখলে চলে যাওয়া বাখমুত নগরী ঘিরে ইউক্রেইন বাহিনী লড়াই চালাচ্ছে। তারা নগরীটির উপকন্ঠ থেকে রুশ বাহিনীকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে।
ইউক্রেইনের সেনাবাহিনী গত সপ্তাহে জানিয়েছিল,তারা বাখমুত থেকে রুশ বাহিনীকে হটিয়ে দেওয়া শুরু করেছে।
কিইভ গত বৃহস্পতিবার জানিয়েছে, পাল্টা হামলা শুরুর এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে তারা নগরীটির প্রায় ১শ স্কয়ার কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ পুনর্প্রতিষ্ঠা করেছে।
