২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ আনতে ভারতের সঙ্গে ‘সীমান্ত কড়াকড়ি শিথিলের’ কথা ভাবছে পাকিস্তান

পাকিস্তানের অর্থমন্ত্রী এক টুইটে বলেছেন, বন্যার্তদের ত্রাণের জন্য খাবার সরবরাহের পথ সুগম করতে ভারতের সঙ্গে সীমান্ত কড়াকড়ি শিথিল করার কথা বিবেচনা করে দেখছে সরকার।

রয়টার্স

Published : 31 Aug 2022, 11:48 PM

Updated : 31 Aug 2022, 11:48 PM

পাকিস্তানের বন্যা দুর্গত লাখ লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে রীতিমত লড়াই করতে হচ্ছে। এ অবস্থায় প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত দিয়ে খাদ্য আমদানি সহজ করতে পাকিস্তান সরকারের কাছে অনুরোধ জানিয়েছে একাধিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থা।

পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বুধবার এক টুইটে একথা জানিয়েছেন।

তিনি বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্তের বড় অংশই বন্ধ। কিন্তু পাকিস্তান সরকার এখন বন্যার্তদের জন্য খাবার সরবরাহের পথ সুগম করতে সীমান্ত কড়াকড়ি শিথিল করার কথা বিবেচনা করছে।

সরকার পণ্য সরবরাহের শর্তের ভিত্তিতে এবং জোট শরিকদের পাশাপাশি প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান ইসমাইল।

প্রলঙ্ককারী বন্যায় পাকিস্তানের প্রায় একতৃতীয়াংশ ডুবে গেছে, আশ্রয়হীন হয়ে পড়ছে কয়েক লাখ মানুষ। গত জুন থেকে কয়েক দফা বন্যায় এখন পর্যন্ত দেশটিতে ১১শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৩৮০টি শিশু রয়েছে।

জাতিসংঘ একে ‘নজিরবিহীন প্রাকৃতিক বিপর্যয়’ বলে বর্ণনা করে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তায় ১৬ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহের আবেদন করেছে।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং খাদ্য পণ্যের আকাশচুম্বি দামের সঙ্গে পাকিস্তানের নড়বড়ে অর্থনীতির কারণে দেশটির অবস্থা আগে থেকেই নাজুক ছিল। মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বর্ষা মৌসুমে অতিভারি বর্ষণ।

বন্যায় পাকিস্তানের লাখ লাখ একর জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশের উত্তরের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের ধান ভেসে গেছে। ফল এবং সবজি পচে নষ্ট হয়ে গেছে।”

বন্যায় আট লাখ হেক্টরের বেশি কৃষি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রাকৃতিক দুর্যোগ সংস্থা।

সড়কে আশ্রয় নিয়েছে বন্যাদুর্গতরা:

গত ৩০ বছর ধরে জুন থেকে ‍অগাস্ট এই তিনমাসে পাকিস্তানে গড়ে যে বৃষ্টিপাত হয়েছে, এ বছর তার থেকে প্রায় ১৯০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

এই তিনমাসে পাকিস্তানে ৩৯০ দশমিক ৭ মিলমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণের সিন্ধু প্রদেশে। সেখানে গত ৩০ বছরের গড়ের তুলনায় ৪৬৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

অতিভারি বর্ষণের ফলে হড়কা বানে ভেসে গেছে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষেতের ফসল এবং অনেক অবকাঠামো। বন্যায় দেশটির ১৫ শতাংশ মানুষ, অর্থাৎ প্রায় ৩৩ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিন্ধু প্রদেশের শিখরপুর জেলার বাসিন্দা ২৭ বছরের ফায়াজ আলি রয়টার্সকে বলেন, তিনি কোনোমতে পরিবারকে রক্ষা করতে পারলেও বন্যার হাত থেকে নিজেদের ছোট্ট বাড়িটি রক্ষার আশা তিনি ছেড়ে দিয়েছেন।

‘‘বাড়িটি যেকোনো সময় ধসে পড়বে। সেটি পানিতে ডুবে গেছে।” অন্য অনেক গ্রামবাসীর মত তিনিও এখনো কোনো সহায়তা পাননি বলে জানান।

চারপাশ থেকে অপেক্ষাকৃত উঁচু সড়কগুলো এখন বন্যার্তদের আশ্রয় স্থলে পরিণত হয়েছে। এর আগে এক হিসাবে বন্যায় পাকিস্তানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে বলা হয়েছিল।

পাকিস্তান সরকার তার দেশের নাগরিকদের সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছে, পরিবেশগত এই বিপর্যয় মানুষের তৈরি।