Published : 21 Jul 2026, 05:30 PM
ইরানের সঙ্গে যুদ্ধে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন।
সোমবার এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।
তিনি জানান, গত ৭ জুলাই থেকে এ পর্যন্ত আহত হওয়া এই সেনা সদস্যদের বেশিরভাগই মাথায় সামান্য আঘাত পেয়েছে এবং আহত সেনাদের ৯৬ শতাংশই ইতোমধ্যে নিজেদের দায়িত্বে ফিরে গেছে।
‘দ্য নিউইয়র্ক টাইমস’ পত্রিকার একটি প্রতিবেদনের জবাবে শন পার্নেল এসব কথা বলেন। প্রতিবেদনে অভিযোগ করে বলা হয়েছিল যে, পেন্টাগন ইরানের হামলায় মার্কিন সেনা আহত হওয়ার খবর জনগণের কাছে লুকিয়ে রাখছে।
তবে পার্নেল মার্কিন সেনা আহত হওয়ার তথ্য লুকিয়ে রাখার অভিযোগ অস্বীকার করেছেন।
ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সেনাদের আহত হওয়ার পরিসংখ্যান এমন এক সময়ে সামনে এল, যার আগে দিয়ে জর্ডান ও ইরাকে ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার খবরেএসেছে।
সোমবার পেন্টাগন এই নিহত সেনাদের পরিচয় শনাক্ত করে। সাম্প্রতিক এই মৃত্যু নিয়ে সেনা নিহতের সংখ্যা ১৭ জনে পৌঁছোনোর পর আহত সেনাদের ওই তথ্য সামনে এল।
যুক্তরাষ্ট্র ইরানে এখনও হামলা চালিয়েই যাচ্ছে। সোমবার দশম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিন হালনাগাদ তথ্য দিয়ে পেণ্টাগনের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেম’ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান ‘এপিক ফিউরি’ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৪২৭ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছে।