২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ব্লগার হত্যায় যুদ্ধবিরোধী নারী গ্রেপ্তার, ইউক্রেইনকে দোষারোপ

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে রোববার বোমা হামলা চালিয়ে ইউক্রেইন যুদ্ধের পক্ষে প্রচার চালানো ব্লগার ভ্লাদলেন তাতারস্কি হত্যা করা হয়|

রাশিয়ায় ব্লগার হত্যায় যুদ্ধবিরোধী নারী গ্রেপ্তার, ইউক্রেইনকে দোষারোপ

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 04 Apr 2023, 12:25 AM

Updated : 04 Apr 2023, 12:39 AM

সেইন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে ইউক্রেইন যুদ্ধের পক্ষে প্রচার চালানো রুশ সামরিক ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে রাশিয়া।

গ্রেপ্তার হওয়া দারিয়া ত্রেপোভা (২৬) ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধের বিরোধী। ত্রেপোভাকে গ্রেপ্তারের পাশাপাশি ওই ব্লগার হত্যার পেছনে ইউক্রেইনের হাত আছে বলেও রাশিয়া দাবি করেছে।

গত রোববার যে ক্যাফেতে বোমা হামলা হয়, সেখানে নিজের টেলিগ্রাম অনুসারীদের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান আয়োজন করেছিলেন ব্লগার ভ্লাদলেন তাতারস্কি।

পুলিশ আটক রুশ নারী ত্রেপোভার স্বীকারোক্তির একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে এই তরুণীকে ব্লগার তাতারস্কিকে হত্যার জন্য বোমা সরবরাহ করার কথা স্বীকার করতে শোনা যায়। ওই হামলায় আরো ৩০ জন আহত হয়েছে।

ইউক্রেইন হামলার দায় অস্বীকার করে বলেছে, ম্যাক্সিম ফোমিন (ভ্লাদলেন তাতারস্কির আসল নাম) হত্যাকাণ্ডের পেছনে রাশিয়ার ‘অভ্যন্তরীন সন্ত্রাসবাদ’ এর হাত রয়েছে।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পক্ষে প্রচার চালাতেন ব্লগার তাতারস্কি।

রুশ স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে প্রকাশ করা একটি ভিডিওতে দারিয়া ত্রেপোভা স্বীকার করেছেন, তিনিই তাতারস্কির প্রতিরূপের মূর্তি ক্যাফেতে এনেছিলেন, যেটি কিছুক্ষণ পরেই বিস্ফোরিত হয় এবং তাতারস্কি নিহত হন।

তবে রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম অনিশ্চিত সূত্রের বরাত দিয়ে বলেছে, ত্রেপোভা তদন্ত কর্মকর্তাদের বলেছেন, তাকে সেখানে পাঠানো হয়েছিল এবং তার স্বামী তাকে সেখানে যেতে উৎসাহিত করেছিল। তিনি জানতেন না, ওই মূর্তির ভেতর বোমা রাখা আছে।

ক্যাফের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ত্রেপোভা প্যাকেট করা একটি বাক্স নিয়ে ক্যাফেতে প্রবেশ করছেন।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন সমর্থন করেন এমন কয়েকজন তাতারস্কিকে হত্যার সময়ের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। ফুটেজে দেখা যায়, তাতারস্কি মুগ্ধতার সঙ্গে মূর্তিটি দেখছেন এবং তার দর্শকদের সেটি দেখাচ্ছেন। তার মধ্যেই সেটি বিস্ফোরিত হয় এবং তিনি নিহত হন।

তাতারস্কি হত্যাকাণ্ড রাশিয়ার মাটিতে ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার পক্ষে প্রচার চালানো ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় হত্যার ঘটনা। এর আগে মস্কোর বাইরে পুতিনের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে সাংবাদিক দারিয়া দুগিনাকে গাড়ি বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়।

দুগিনা হত্যাকাণ্ডের পেছনেও ইউক্রেইনের হাত বলে অভিযোগ করেছিলেন পুতিন। এমনকী, দুগিনা হত্যার পেছনে ইউক্রেইন সরকারের হাত আছে বলে ধারণা প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাও।

কিইভ অবশ্য দুগিনা হত্যাকাণ্ডে তাদের হাত থাকার কথা অস্বীকার করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তাতারস্কির পাঁচ লাখের বেশি অনুসারী আছে। যিনি নিজে একসময় ইউক্রেইনে যুদ্ধ করেছেন।

মস্কো যেভাবে ইউক্রেইনে আগ্রাসনকে তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করেছে তার সমালোচনা করে উগ্র জাতীয়তাবাদী নানা বার্তা নিজের একাউন্টে পোস্ট করতেন তাতারস্কি।

গত বছর তিনি বলেছিলেন, রাশিয়ার বিজয়ের জন্য ইউক্রেইনের ‘প্রত্যেককে হত্যা করা’ এবং ‘প্রতিটি বাড়ি লুট’ করা প্রয়োজন।

তাতারস্কি হত্যাকাণ্ডের বিষয়ে রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেরোরিজম কমিটি (এনএসি) বলেছে, ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা পুতিনের কট্টর সমালোচক কারাবন্দি নেতা আলেক্সি নাভালনির সমর্থকদের সহায়তায় এই বোমা হামলার চক্রান্ত করেছে।

নাভালনির যে সহযোগীরা দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তারা ওই অভিযোগ অস্বীকার করে বলেন, দেখে বরং মনে হচ্ছে রাশিয়ার নিজস্ব গোয়েন্দা সংস্থাই এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে।