গাজায় হামাসের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করল ইসরায়েল সমর্থিত গোষ্ঠী
ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহল গাজায় তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামাসের প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোকে তৎপরতার চালানোর অনুমোদন দিচ্ছে।
ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস পুলিশের ফৌজদারি ইউনিটের প্রধান মাহমুদ আল আস্তালকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসরায়েল সমর্থিত একটি ফিলিস্তিনি মিলিশিয়া গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। ঘটনার জন্য হামাস‘ইসরায়েলের সহযোগীদের’ দায়ী করেছে।
সোমবার এক বিবৃতিতে গাজার হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকধারীরা চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে মাহমুদ আস্তালকে হত্যা করেছে।
রয়টার্স জানিয়েছে, খান ইউনিসের পূর্ব দিকে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাভিত্তিক হামাসবিরোধী মিলিশিয়া গোষ্ঠীর নেতা হুসাম আল আস্তাল তার ফেইসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে এ হত্যার দায় স্বীকার করেছেন।
তার ‘আল আস্তাল’ উপাধি ও নিহত পুলিশ কর্মকর্তার নামের শেষাংশ একই। এই উপাধিটি গাজায় খুব প্রচলিত।
ভিডিওতে কালো সামরিক পোশাক পরা অত্যাধুনিক রাইফেল হাতে ধরা অবস্থায় হুসাম আস্তাল বলেন, “যারা হামাসের সঙ্গে কাজ করছেন, নিহত হওয়াই আপনাদের পরিণতি। মৃত্যু ঘনিয়ে আসছে।”
রয়টার্স জানিয়েছে, কী পরিস্থিতিতে হামলার ঘটনাটি ঘটেছে তারা তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকায় কোনো অভিযানের বিষয়ে কিছু জানে না।
রয়টার্স লিখেছে, বিরোধী সশস্ত্র গোষ্ঠীর আবির্ভাবে (যদিও এখনও ছোট ও স্থানীয়) গাজার শাসকগোষ্ঠী হামাসের উপর বাড়তি চাপ যুক্ত হল আর এটি বিভক্ত গাজাকে ঐক্যবদ্ধ ও স্থিতিশীল করার প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে। ইসরায়েলের সঙ্গে দুই বছরের যুদ্ধে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে।
গাজার ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে গড়ে ওঠা এসব গোষ্ঠীর প্রতি স্থানীয়দের তেমন সমর্থন নেই। তবে এসব গোষ্ঠীর দাবি, তারা ইসরায়েলের আদেশে কাজ করে না। ইসরায়েলের সহযোগী হিসেবে অভিযুক্ত করে বেশ কিছু মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে ইতোমধ্যেই তা প্রকাশ্যে কার্যকর করেছে হামাস।
অক্টোবর থেকে শুরু হওয়া এক যুদ্ধবিরতির অধীনে গাজা ভূখণ্ডের প্রায় অর্ধেক এলাকা থেকে সরে গেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু অপর অংশ এখনো তাদের সেনাদের নিয়ন্ত্রণে আছে।
গাজার প্রায় ২০ লাখ বাসিন্দার প্রায় সবাই এখন হামাস নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বসবাস করছে। তাদের অধিকাংশেরই ঠাঁই হয়েছে অস্থায়ীভাবে তৈরি করা তাঁবুতে আর বাকিরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে আশ্রয় নিয়েছেন। হামাসের চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তারা তাদের হাজার হাজার যোদ্ধাকে নেতৃত্ব দিয়ে চলছে।
অপরদিকে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামাসের প্রতিদ্বন্দ্বীদের তৎপরতার চালানোর অনুমোদন দিচ্ছে ইসরায়েল।
