ইরান যুদ্ধের এক মাস: ট্রাম্পের সামনে এখন কেবল কঠিন বিকল্প
বিশ্লেষকদের মতে, এখন মূল প্রশ্ন হলো, ট্রাম্প কি এই সংঘাতের ইতি ঘটাবেন, না একে আরও বড় যুদ্ধে পরিণত করবেন?
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর এক মাস পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখি দাম আর নিজের জনসমর্থনে ভাটার টানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখন ইতিহাসের অন্যতম কঠিন সংকটের মুখোমুখি।
রয়টার্স লিখেছে, তাকে এখন বেছে নিতে হচ্ছে অত্যন্ত কঠিন দুটি বিকল্পের একটি: হয় তাকে একটি সম্ভাব্য ত্রুটিপূর্ণ চুক্তির মাধ্যমে দ্রুত এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে অথবা সামরিক শক্তি বাড়িয়ে এমন এক দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি নিতে হবে যা তার প্রেসিডেন্ট পদকেই গ্রাস করে নিতে পারে।
গত এক সপ্তাহ ধরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও ট্রাম্প মধ্যপ্রাচ্যজুড়ে ছাড়াতে থাকা সংকটকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই সামরিক অভিযানের মধ্যে আরও একটি সপ্তাহ পার করলেন। ইরান এখনো নমনীয় হওয়ার কোনো লক্ষণ দেখায়নি, বরং তারা হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে রেখেছে এবং অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।
বিশ্লেষকদের মতে, এখন মূল প্রশ্ন হলো, ট্রাম্প কি এই সংঘাতের ইতি ঘটাবেন, না একে আরও বড় যুদ্ধে পরিণত করবেন? যাকে সমালোচকরা বলছেন ‘ইচ্ছাকৃত যুদ্ধ’, যা ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ সংকট তৈরি করেছে আর যার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত হয়েছে।
অনিশ্চিত প্রস্থানের পথ
হোয়াইট হাউজের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন তিনি একটি ‘চিরস্থায়ী যুদ্ধ’ এড়াতে চান এবং আলোচনার মাধ্যমে এই সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছেন। জনসমক্ষে তিনি এই লড়াই চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শেষ করার কথা বললেও সেই সময়সীমা এখন বেশ ‘নড়বড়ে’ বলে মনে করা হচ্ছে।
একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, আলোচনা ব্যর্থ হলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
পাকিস্তানের মাধ্যমে একটি গোপন চ্যানেলে ইরানের কাছে পাঠানো ১৫ দফার এক শান্তি প্রস্তাবসহ ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগগুলো ইঙ্গিত দিচ্ছে যে, ট্রাম্প প্রশাসন মরিয়া হয়ে এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে। কিন্তু তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কোনো বাস্তব সম্ভাবনা আছে কি না, তা অস্পষ্টই রয়ে গেছে।
মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জোনাথন প্যানিকফ বলেন, “যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এখন সব বিকল্পই বেশ দুর্বল। চ্যালেঞ্জের একটি অংশ হলো, সন্তোষজনক ফলাফল কী হবে, তা নিয়ে স্পষ্টতার অভাব।”
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, “কমান্ডার-ইন-চীফ যখন মনে করবেন আমাদের উদ্দেশ্য পূরণ হয়েছে, তখনই ইরান অভিযান শেষ হবে।”
বিস্তৃত হতে থাকা যুদ্ধ নিয়ন্ত্রণে হিমশিম
পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা মোতায়েন করছেন। তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, দাবি না মানলে স্থলবাহিনী নামিয়ে হামলা আরও জোরদার করা হবে। তার দাবি মেনে না নিলে সম্ভবত স্থল বাহিনীও ব্যবহার করা হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, এটি হয়তো শক্তি প্রদর্শন করে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের একটি কৌশল হতে পারে, তবে এতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থল যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে যা মার্কিন ভোটারদের ক্ষুব্ধ করতে পারে।
বিশেষজ্ঞদের মতে আরেকটি সম্ভাব্য দৃশ্যপট হতে পারে, ‘অপারেশন এপিক ফিউরি’র অধীনে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে একটি বড় ধরনের চূড়ান্ত বিমান হামলা চালানো। এরপর ট্রাম্প বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করে দেবেন। তবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেওয়া পর্যন্ত এই বিজয় দাবি করা হবে অন্তঃসারশূন্য। কারণ ইউরোপীয় মিত্ররা এই জলপথ পাহারায় যুদ্ধজাহাজ পাঠাতে সরাসরি অস্বীকৃতি জানানোয় ট্রাম্প ইতিমধ্যে নিজের বিরক্তি প্রকাশ করেছেন।
ভোটের রাজনীতি ও অর্থনৈতিক চাপ
‘বিজয়’ দাবি করা দম্ভোক্তির আড়ালে ট্রাম্প মূলত অস্থির হয়ে পড়া শেয়ার বাজারকে শান্ত করার চেষ্টা করছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের ঊর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন, তিনি তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যুদ্ধ দ্রুত শেষ হবে, এই বিষয়টির ওপর জোর দিতে।
কিন্তু যুদ্ধ থেকে বের হওয়ার পরিষ্কার কৌশল না থাকায় ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল ভাবমূর্তি আর নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য কংগ্রেসের সীমিত সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা এই যুদ্ধের ফলে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারে।
ট্রাম্পের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে তেহরানের পাল্টা আঘাতের ক্ষমতা সম্পর্কে ধারণা করতে না পারা। ইরান ইসরায়েল ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে আঘাত হানতে তাদের অবশিষ্ট ড্রোন ও মিসাইলগুলো ব্যবহার করছে আর বিশ্বের মোট জ্বালানির এক পঞ্চমাংশের সরবরাহ পথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে রেখেছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে এক বড় ধরনের ধাক্কা লেগেছে।
ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সিএসআইএস-এর জন অল্টারম্যান বলেন, “ইরান সরকারের বাজি হলো, তারা প্রতিপক্ষের চেয়ে বেশি সময় ধরে বেশি কষ্ট সইতে পারবে আর তারা হয়তো ঠিকই ভাবছে।”
জনপ্রিয়তায় ধস
বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী প্রতিষ্ঠান ইপসোস-এর সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, ট্রাম্পের জনপ্রিয়তা ৩৬ শতাংশে নেমে এসেছে, যা তার দ্বিতীয়বার হোয়াইট হাউজে ফেরার পর সর্বনিম্ন। উচ্চ জ্বালানি মূল্যের কারণে ট্রাম্পের কট্টর ‘মেইক আমেরিকা গ্রেইট এগেইন’ সমর্থকদের মধ্যেও অসন্তোষ তৈরি হতে পারে। এমনকি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির রিপাবলিকান চেয়ারম্যান মাইক রজার্সও ইরান অভিযানের পরিধি নিয়ে প্রশাসনের অস্পষ্টতার সমালোচনা করেছেন।
সোমবার ট্রাম্প ইরানের বিদ্যুৎ গ্রিড ধ্বংস করার আল্টিমেটাম থেকে সরে এসে বাজার শান্ত করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি এই হামলার ক্ষেত্রে ৫ দিনের একটি কূটনৈতিক বিরতি ঘোষণা করেন, যা পরে আরও ১০ দিন বাড়ানো হয়েছে।
কূটনৈতিক অচলাবস্থা
ট্রাম্পের দেওয়া ১৫ দফা শান্তি প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে কারণ এটি যুদ্ধপূর্ব সময়ের সেই সব শর্তেরই অনুরূপ যা তারা আগে নাকচ করেছিল। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, ক্ষেপণাস্ত্রের মজুত কমানো, প্রক্সি গ্রুপগুলোকে ত্যাগ করা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া।
তেহরানের শাসকরা আলোচনার জন্য খুব একটা তাড়াহুড়ো করছেন না। কারণ তাদের ধারণা, এই যুদ্ধে স্রেফ টিঁকে থাকতে পারাটাই তাদের জন্য বড় বিজয়। এছাড়া মার্কিন-ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ নেতারা নিহত হওয়ার পর যারা নেতৃত্বে এসেছেন তারা আরও কট্টরপন্থী এবং ট্রাম্পকে চরম অবিশ্বাস করেন। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারাও উদ্বিগ্ন যে, ট্রাম্প হয়তো এমন কোনো ছাড় দেবেন যা ইরানের বিরুদ্ধে তাদের হাত বেঁধে ফেলবে।
স্থল অভিযানের ঝুঁকি
যদি ট্রাম্প সত্যি স্থল বাহিনী নামান, তবে তিনি ইরানের মূল তেল কেন্দ্র ‘খার্ক দ্বীপ’ বা অন্যান্য কৌশলগত দ্বীপ দখল করতে পারেন। তবে এই পদক্ষেপ ইরাক বা আফগানিস্তান যুদ্ধের স্মৃতি ফিরিয়ে আনতে পারে, যা ট্রাম্প বারবার এড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোও সতর্ক করে বলেছে যে, ইরানে স্থল সেনা মোতায়েন করা হলে তেহরান তাদের জ্বালানি ও বেসামরিক স্থাপনায় আরও ভয়াবহ হামলা চালাতে পারে।
আপাতত ট্রাম্প বিশ্বকে এক ঘোরটোপে রেখেছেন। কখনো তিনি বাজার শান্ত করতে নমনীয় কথা বলছেন, আবার পরক্ষণেই কঠোর হুমকির মাধ্যমে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিচ্ছেন।
বিশ্লেষক লরা ব্লুমেনফেল্ডের ভাষায়, “ট্রাম্প এখন একাই একটি ‘ফগ অফ ওয়ার’ মেসেজিং মেশিন, যার লক্ষ্য হচ্ছে শত্রুকে বিভ্রান্ত রাখা।”
আরও পড়ুন:
