ইউক্রেইন নেটোতে যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী: রাশিয়া
‘‘কিইভ খুব ভাল করেই জানে, এ ধরনের কোনও পদক্ষেপের অর্থ নিশ্চিতভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া,” বলেন রুশ নিরাপত্তা পরিষদের উপ-সচিব।
ইউক্রেইন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যোগ দিলে ইউক্রেইনে যে সংঘাত চলছে তা বেড়ে নিশ্চিতভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে বলে সতর্ক করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপ সচিব আলেক্সান্দার ভেনেদিকতভের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করে।
ভেনেদিকতভ বলেন, ‘‘কিইভ খুব ভাল করেই জানে, এ ধরনের কোনও পদক্ষেপের অর্থ নিশ্চিতভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া।”
গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেইনের জাপোরিজিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দেন। যা ইউক্রেইনের মোট ভূখণ্ডের ১৮ শতাংশের বেশি।
পুতিনের ওই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের নেটোর সদস্য পদ পাওয়ার প্রক্রিয়া দ্রুত করার ঘোষণা দেন।
যদিও নেটোর পূর্ণ সদস্যপদ পেতে ইউক্রেইনকে এখনও অনেকটা দূর যেতে হবে। তাদেরকে নেটোর ৩০ সদস্য রাষ্ট্রের সবার অনুমোদন পেতে হবে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পেতরুশেভ পুতিনের শক্তিশালী মিত্রদের একজন। তিনিও একই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নেটোর সদস্যপদ পেতে ইউক্রেইনের আবেদনকে তিনি যুদ্ধের উস্কানি মনে করেন। কারণ, পশ্চিমারা খুব ভালোভাবেই বুঝতে পারছে ইউক্রেইনের নেটোর সদস্য পদ পাওয়ার পরিণতি কী হতে পারে।
পেতরুশেভ বলেন, ‘‘এ ধরনের আত্মঘাতীমূলক একটি পদক্ষেপের পরিণতি কী তা নেটোর সদস্যরা নিজেরাও বুঝতে পারে।”
পুতিন বার বার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো জোটকে তাদের পূর্বদিকে ক্ষমতার বিস্তৃতি ঘটাতে বারণ করেছেন। বিশেষ করে ইউক্রেইন ও জর্জিয়ার মত সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশে। রাশিয়া ওই অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া।
রাশিয়াকে রক্ষা করতে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারেও পিছ পা হবে না বলে গত ২১ সেপ্টেম্বর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুতিন। এবং বলেছেন, পশ্চিমারা যেন তার এই সতর্কবার্তাকে ‘ধাপ্পা’ বলে বিবেচনা না করে। পরমাণু অস্ত্রের সবচেয়ে বড় ভাণ্ডার রাশিয়ার হাতে।
বিশ্বের ৯০ শতাংশ পরমাণু অস্ত্র রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে।
ভেনেদিকতভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কি যে প্রতিরোধের যে ডাক দিযেছেন তাও বিপজ্জনক। তিনি সতর্ক করে দিয়ে বলেন, পারমাণবিক যুদ্ধ বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।
‘‘আমাদের অবশ্যই মনে রাখতে হবে: একটি পারমাণবিক যুদ্ধ পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর হবে....শুধুমাত্র রাশিয়া বা পশ্চিমা জোটের জন্য নয় বরং পৃথিবীর প্রতিটি দেশের জন্য।
‘‘এটি পুরো মানবজাতির জন্য ধ্বংসাত্মক হবে।”
