Published : 29 Apr 2026, 06:22 PM
যুক্তরাজ্যে উত্তর লন্ডনের গোল্ডারস গ্রিনে এক ব্যক্তির ছুরি হামলায় দুইজন গুরুতর আহত হয়েছে।
হামলাকারীকে ছুরি হাতে রাস্তা দিয়ে দৌড়ে গিয়ে এলাকার ইহুদি লোকজনকে ছুরিকাঘাতের চেষ্টা করতে দেখা যায়।
ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা সংগঠন শোমরিম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে হামলাকারীকে আটক করেছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, হামলার ঘটনাটি প্রায় তার বাড়ির বাইরেই ঘটেছে।
তিনি জানান, গোল্ডারস গ্রিন রোডের দোকানের বাইরে একজন ছুরিকাহত হয়েছে। আরেকজন ছুরিকাহত হয়েছে একটি সিনাগগের পাশের রাস্তায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “গোল্ডার্স গ্রিনের এই হামলা অত্যন্ত উদ্বেগের। এ ধরনের অপরাধ দমনে আমরা আমাদের দৃঢ় সংকল্পে অবিচল থাকব।”
লন্ডনের মেয়র সাদিক খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই ইহুদি লন্ডনবাসীর ওপর এই হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, “মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।”
ফিনসলে এবং গোল্ডার্স গ্রিন এলাকার এমপি সারাহ স্যাকম্যান জানান, হামলার বিষয়ে আলোচনার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।
সন্দেহভাজনকে আটকে সহায়তা করায় তিনি ইহুদি নিরাপত্তা গোষ্ঠী ‘শমরিম’-কে ধন্যবাদ জানিয়ে বলেন, “ব্রিটিশ ইহুদিদের ওপর আক্রমণ মানে ব্রিটেনের ওপরই আক্রমণ।”
‘বোর্ড অফ ডেপুটিজ অফ ব্রিটিশ জিউস’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা পুলিশের পাশাপাশি ইহুদি নিরাপত্তা সংস্থা ‘কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট’ (সিএসটি)-এর সঙ্গে সমন্বয় করে কাজ করছে যাতে এ ধরনের ঘটনার কঠোর জবাব নিশ্চিত করা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে অবস্থান করছেন।
হামলার কারণ উদঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ।