২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদপান করে গাড়ি চালিয়ে দুর্ঘটনা: নিউজিল্যান্ডের আইনমন্ত্রীর পদত্যাগ

এ নিয়ে গত মার্চের পর প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের মন্ত্রিসভার চারজন মন্ত্রী পদত্যাগ করলেন।

মদপান করে গাড়ি চালিয়ে দুর্ঘটনা: নিউজিল্যান্ডের আইনমন্ত্রীর পদত্যাগ

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 11:58 PM

Updated : 24 Jul 2023, 11:58 PM

রাজধানী ওয়েলিংটনে একটি গাড়ি দুর্ঘটনা ঘটানোর পর নিঃশ্বাসে মাদক পরীক্ষায় উৎরে যেতে ব্যর্থ হন নিউ জিল্যান্ডের আইনমন্ত্রী কিরি অ্যালেন।

পুলিশ তাকে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করে। এরপরই পদত্যাগের ঘোষণা দেন ৩৯ বয়সী এই নেতা।

গত মার্চের পর বর্তমান প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এর মন্ত্রিসভায় অ্যালেন চতুর্থ মন্ত্রী যিনি পদত্যাগ করলেন। 

আগামী অক্টোবরে নিউ জিল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সময় রোববার রাতে অ্যালেনের গাড়ি দুর্ঘটনায় পড়লেও সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গ্রেপ্তারের পর পুলিশ অ্যালেনকে চার ঘণ্টা থানায় রেখে ছেড়ে দেয়। দুই-এক দিনের মধ্যে তাকে আদালতে উপস্থিত করার কথা।

 অ্যালেন ‘ভয়াবহ মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হিপকিন্স। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও তিনি এখন পর্যন্ত পার্লামেন্ট সদস্য রয়েছেন বলেও জানান তিনি।

পরে সোমবার এক বিবৃতিতে অ্যালেন বলেন, তিনি এই বিশ্বাসে পার্লামেন্টে ফিরেছেন যে, কাজের মাধ্যমে তিনি তার ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবেন।

তিনি বলেন, “আমার গতকালের কর্মকাণ্ড এটাই বলছে যে আমি ভালো ছিলাম না।” রাজনীতিতে নিজের ভবিষ্যত গড়ার উপর মনযোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি।

অ্যালেনকে একসময় লেবার পার্টির ভবিষ্যত হিসেবে দেখা হতো। এমনকী, জেসিন্ডা অরডার্ন প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে অ্যালেনকে তার উত্তরসূরি ভাবা হচ্ছিল।

সমর্থক-সমালোচক সবাইকে হতবাক করে দিয়ে এ বছরের শুরু দিকে নিজের পদত্যাগ ঘোষণা করেন অরডার্ন। পরে তার স্থলাভিষিক্ত হন হিপকিন্স।