হামলার দু’দিন পরও হামাস যোদ্ধা হঠাতে লড়ছে ইসরায়েল
ইসরায়েলের ভেতরে বেশ কয়েকটি স্থানে এখনও অবস্থান নিয়ে আছে হামাস যোদ্ধারা।
ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আচমকা হামলার দুইদিন পরও সেখানে থেকে যাওয়া যোদ্ধাদের হঠাতে এখনও লড়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলের ভেতরে বেশ কয়েকটি স্থানে হামাস যোদ্ধারা এখনও অবস্থান নিয়ে আছে।
ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, সেনারা হামাসের দখল করা এলাকাগুলো পুনরুদ্ধার করেছে। তবে কিছু ফিলিস্তিনি বন্দুকধারী এখনও তৎপর থাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।
তিনি বলেন, “আমরা এখন সব জায়গায় জায়গায় অনুসন্ধান চালাচ্ছি এবং এলাকাগুলো যোদ্ধামুক্ত করছি।”
এর আগে ইসরায়েলের আরেক সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচ স্বীকার করেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে “প্রত্যাশার চেয়েও বেশি সময় লেগে যাচ্ছে।”
কয়েক দশকের মধ্যে গত শনিবার হামাস আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায়। ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা চালানোর পাশাপাশি সুপরিকল্পিতভাবে স্থল, সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে।
তারা কয়েক ঘণ্টা ইসরায়েলি শহর ও সেনাচৌকি অবরুদ্ধ করে রাখে। অভিযানে বেশ কিছু ইসরায়েলি নিহত হয়। কিছু ইসরায়েলি নাগরিককে জিম্মি করে গাজায়ও নিয়ে যায় ফিলিস্তিনি বন্দুকধারীরা।
ইসরায়েল এর পাল্টা জবাবে গাজায় বিমান হামলা শুরু করায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ইসরায়েল সোমবার নজিরবিহীন এক পদক্ষেপে তিন লাখ রিজার্ভ সেনা তলব করার কথা জানিয়েছে। গাজার বাসিন্দাদের সরেও যেতে বলেছে তারা। এতে ইসরায়েল ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাস্ত করতে গাজায় স্থল হামলার পরিকল্পনা করছে বলেই ইঙ্গিত মিলছে।
