২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচি পুলিশ প্রধানের কার্যালয়ে জঙ্গি হামলায় নিহত ৭

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2023, 10:52 PM

Updated : 18 Feb 2023, 01:15 AM

প্রায় সাড়ে তিন ঘণ্ট‍া রুদ্ধশ্বাস অভিযান চলেছে। হত্যা করা হয়েছে করাচি পুলিশ প্রধানের কার্যালয়ে হামলাকারী অন্তত তিন জঙ্গিকে। এ ঘটনায় পুলিশ এবং বেসামরিক নাগরিকসহ আরো চারজন নিহত হয়েছেন। ১৪ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

পাকিস্তানের করাচি পুলিশ প্রধানের কার্যালয়টি নগরীর প্রধান শরিয়া ফয়সাল এলাকায়।

পাঁচতলা ওই ভবনটিতে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্য‍া সোয়া ৭টার দিকে হামলা শুরু হয় বলে জানায় পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন।

হামলার পরপরই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পুলিশের স্নাইপার দল কার্যালয় ভবন ঘিরে অবস্থান নেন।

সিন্ধু সরকারের মুখপাত্র মুর্তাজা ওয়াহাব এক টুইটে জানান, ‘‘আমি এখন পর্যন্ত যেটুকু নিশ্চিত হতে পরেছি তাতে করাচি পুলিশ অফিস (কেওপি) জঙ্গিমুক্ত করা হয়েছে। সেখানে তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে।”

হামলাকারীরা একটি করোলা গাড়িতে করে কেপিওতে যায় বলে জানান ডিআইজি ইস্ট মুকাদ্দাস হাইদার। বলেন, ‘‘এক জঙ্গি ভবনের চতুর্থ তলায় আত্মঘাতী বোমার বিস্ফোরণে ঘটিয়েছে। বাকি দু্ই জঙ্গিকে ভবনের ছাদে গুলি করে হত্যা করা হয়।’’

হামলার পর সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ জানিয়েছিলেন, হামলার সময় করাচি পুলিশ প্রধান নগরীতে ছিলেন না। তিনি প্রাদেশিক সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে সহায়তা চাওয়ার কথাও জানান।

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ প্রধানের কার্যালয়ের পাশেই সাদ্দার পুলিশ স্টেশন। সেখান থেকেও এক বিবৃতিতে হামলার কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘‘অজ্ঞাত বন্দুকধারীরা করাচি পুলিশ অফিসের কাছের সাদ্দার পুলিশ স্টেশনে ‍হামলা চালিয়েছে। সব জায়গায় গুলি চলছে।”

এর আগে নগরীর সাউথ ডিআইজি ইরফান বালোচ ডন নিউজ টিভিকে বলেছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো নগরীর পুলিশকে ডেকে পাঠানো হয়েছে। আগ্নেয়াস্ত্র ছাড়াও হামলাকারীদের কাছে গ্রেনেড রয়েছে।

বলেন, ‘‘হামলাকারীরা পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছে। সেখানে কঠিন লড়াই হচ্ছে।”

দুইটি মৃতদেহ কাছের জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পুলিশের সার্জন ডা. সুমাইয়া সৈয়দ। তাদের মধ্যে একটি মৃতদেহ পুলিশ কনস্টেবল গুলাম আব্বাসের বলে জানান তিনি।

অন্য মৃতদেহটি আজমল মাসিহ নামে ৪০ বছরের এক ব্যক্তির বলে জানান পাকিস্তান ভিত্তিক দাতব্য সংস্থা ইডিএইচআই ফাউন্ডেশনের একজন মুখপাত্র।

ডা. সুমাইয়ার বরাত দিতে দৈনিক ডন আহত আরো তিন জনের পরিচয় জানিয়েছে। তারা হলেন, ৪৫ বছরের পুলিশ সদস্য লতিফ, ৪০ বছরে রেঞ্জার্স কর্মকর্তা আব্দুল রহিম, ও ২৫ বছরের ইডিএইচআই কর্মী সাজিদ।

পরে এক টুইটে সিন্ধু সরকারের মুখপাত্র জানান, সর্বশেষ তথ্য ‍অনুযায়ী চারজন শহীদ হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য, একজন রেঞ্জার্স এবং একজন বেসামরিক নাগরিক।

হামলায় আরো ১৪ জন আহত হয়েছে বলেও জানান তিনি। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

বলেন, ‘‘তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অবস্থা স্থিতিশীল।”