পদদলনের ঘটনায় পুলিশের ভূমিকা অপ্রতুল ছিল: দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান
ইতায়েওনে পদদলনের ঘটনায় পুলিশের ব্যর্থতার দায় স্বীকার করে এই প্রথম এমন কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান।
রাজধানী সিউলের ইতায়েওনে হ্যালোউইন উৎসবে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা অপ্রতুল ছিল বলে স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান ইয়ুন হি-কেউন।
এই প্রথম পুলিশের পক্ষ থেকে ইতায়েওনের ঘটনায় পুলিশের ব্যর্থতার দায় স্বীকার করে নেওয়া হল বলে জানিয়েছে বিবিসি।
গত শনিবার রাতের ভয়াবহ ওই দুর্ঘটনার পর থেকেই পরিস্থিতি সামলাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এ বিষয়ে জবাবদিহি করতে বলা হচ্ছে।
মহামারীর বিধিনিষেধ কাটিয়ে দীর্ঘ তিন বছর পর হ্যালোউইন উৎসবে মেতে উঠেছিল সিউলের লাখো মানুষ; বাঁধাভাঙা উচ্ছ্বাসে দিগ্বিদিক ছুটতে থাকা তরুণ-তরুণীদের আনন্দের জোয়ার পৌঁছে যায় এক সংকীর্ণ গলিতে। প্রচুর মানুষ ঢুকে পড়েন ইতায়েওনের একটি সরু গলিতে।
সংকীর্ণ ওই গলিতে প্রায় ১০ হাজার মানুষ একসঙ্গে ঢুকে পড়ায় দমবন্ধ পরিবেশ তৈরি হয়। ভিড়ের মধ্যে সামনে পেছনে দুই দিকের চাপে পদদলিত হয়ে সড়কে একে একে পড়তে থাকে নিথর দেহ।
প্রত্যক্ষদর্শীরা পরে বলেছেন, পুলিশ তাদের গাড়ির উপর উঠে লোকজনকে ওই এলাকা ছেড়ে যেতে বলেছিলেন।
সেই রাতে স্থানীয় সময় ১০টা ২০ মিনিটে পদদলনের ঘটনার আগে এমন বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছিল যে সেখানে থাকা পুলিশের পক্ষে ভিড় নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
যা কেড়ে নেয় ১৫৬ জনের প্রাণ। যাদের প্রায় সবার বয়সই ২০ এর কোটায়। আহত হয়েছেন আরো ১৫২ জন।
ভয়াবহ ওই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মঙ্গলবার পুলিশ প্রধান ইয়ুন ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ যথেষ্ট ব্যবস্থা নেয়নি বলে স্বীকার করেছেন। তিনি বলেন, যা ঘটেছে তাতে তিনি ‘জননিরাপত্তা নিয়ে সীমাহীন দায়িত্ব’ অনুভব করেছেন। এ ঘটনার পূর্ণ তদন্তের প্রতিশ্রুতিও দেন ইয়ুন।
দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিনও পদদলনের ঘটনায় জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
পার্লামেন্টে এক বৈঠকে তিনি বলেন, ‘‘একটি ছেলে ও একটি মেয়ের বাবা হিসেবে এটা আমার জন্য খুবই দুঃখের বিষয়... এ পরিস্থিতি কতটা অসার তা ভাষায় প্রকাশ করা কঠিন এবং এই পরিস্থিতি মেনে নেওয়াও কঠিন।’’
ইয়ুন স্বীকার করেন, পদদলনের ঘটনার আগে ইতায়েওনের গুরুতর পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বেশ কয়েকজন পুলিশকে সতর্ক করতে ফোন করেছিলেন। কিন্তু পুলিশের প্রতিক্রিয়ায় ঘাটতি ছিল।
সিউল পুলিশের পক্ষ থেকে বিবিসি-কে বলা হয়, তারা জরুরি নম্বরে প্রথম ফোনটি পেয়েছিলেন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। পরের সাড়ে তিন ঘণ্টায় পুলিশের জরুরি নম্বরে আরো ১০টির বেশি ফোন আসে।
পুলিশ প্রধান ইয়ুন বলেন, ফোন পাওয়ার পরও পুলিশ যেভাবে সাড়া দিয়েছে তা ‘হতাশাজনক’।
তিনি বলেন, ফোন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং কর্মকর্তারা যথাযথভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে তারা একটি দ্রুত ও অত্যন্ত নিবিড় তদন্ত পরিচালনা করবেন।
এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, মহামারীর আগের হ্যালোউইন পার্টি সামলাতে যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হতো এবার তার থেকে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।
