ইতালির ‘মাফিয়া বস’ দেনারোর মৃত্যু
গ্রেপ্তার হওয়ার সময় তিনি ক্যান্সারের চিকিৎসা করাচ্ছিলেন।
ইতালির মাফিয়া বস মাত্তেও মেসিনা দেনারো মারা গেছেন। দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পর গত জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগ পর্যন্ত দেনারো ছিলেন ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী।
৬১ বছর বয়সী দেনারোকে কুখ্যাত ‘কোসা নস্ট্রা মাফিয়া’ চক্রের প্রধান বলে মনে করা হত। গ্রেপ্তার হওয়ার সময় তিনি ক্যান্সারের চিকিৎসা করাচ্ছিলেন। গত মাসে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
গত কয়েক মাস তার অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু তিনি আর সুস্থ হননি। স্থানীয় গণমাধ্যম বলছে, শুক্রবার ইতালির লা আকিলা শহরের একটি হাসপাতালে দেনারো কোমায় চলে যান। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত সোশাল মিডিয়ায় জানান লা আকিলার মেয়র।
দেনারোকে অসংখ্য খুনের জন্য দায়ী করা হয়। ১৯৯২ সালে আইনজীবী জিওভান্নি ফ্যালকন এবং পাওলো বোরসেলিনো হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০০২ সালে তার অনুপস্থিতিতেই বিচার শুরু হয়।
‘কোসা নস্ট্রা’ মাফিয়া চক্রের নানা অপকর্ম, অবৈধ বর্জ্য ডাম্পিং, অর্থ পাচার এবং মাদক পাচারের তদারকিও করতেন দেনারো। তিনি ১৯৯৩ সাল থেকে পলাতক ছিলেন। সে সময়ও নানা জায়গা থেকে লুকিয়ে তিনি তার অধীনস্থদের দিয়ে কাজ করিয়েছেন বলে ধারণা করা হয়। সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
