আফগানিস্তানে স্বাস্থ্যখাতের বেহাল দশা, মরছে শিশুরা
শিশুরা যেসব রোগে ভুগে মারা যাচ্ছে সেগুলোর সবই চিকিৎসায় নিরাময় সম্ভব।
তিন মাসের ছোট্ট শিশু তায়াবুল্লাহ হাসপাতালের বিছানায় নিথর পড়ে আছে। তার মা নিগার তার নাকের কাছ থেকে অক্সিজেন পাইপ সরিয়ে নাকের কাছে আঙুল দিয়ে বোঝার চেষ্টা করছে শিশুটি বেঁচে আছে কি না।
যুখন তিনি বুঝতে পারলেন তার ছেলে বিবর্ণ হয়ে যাচ্ছে, তিনি কাঁদতে শুরু করেন।
নিগার তার অসুস্থ ছেলেকে নিয়ে আফগানিস্তানের যে হাসপাতালটিতে গিয়েছেন সেখানে সব ভেন্টিলেটর নষ্ট পড়ে আছে।
এমনকী, ছোট্ট শিশুদের নাকেমুখে ঠিকমত লাগবে এমন ছোট অক্সিজেন মাস্কও সেখানে নেই। তাই মায়েরা তাদের অসুস্থ শিশুদের নাকের কাছে অক্সিজেন টিউব ধরে আছেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানে প্রতিদিন ১৬৭টি শিশু এমন সব রোগে ভুগে মারা যায় সেগুলোর চিকিৎসা সম্ভব ছিল।
সংখ্যাটি বিস্ময়কর রকম বড়। যদিও জাতিসংঘ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে অনুমানের ভিত্তিতে এই সংখ্যা বলেছে।
কিন্তু যদি আপনি আফগানিস্তানের কোনো হাসপাতালের শিশু বিভাগে যান তবে আপনার কাছ ওই সংখ্যাটিকেও কমই মনে হবে।
বিবিসি-র আফগান প্রতিনিধি কয়েকদিন আগে দেশটির ঘোর প্রদেশের প্রধান হাসপাতাল পরিদর্শন করেছেন।
হাসপাতালটির বেশ কয়েকটি কক্ষ অসুস্থ শিশুতে ভর্তি। ওই শিশুগুলোকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা দরকার, যা ওই হাসপাতালে অসম্ভব। কারণ, সেখানে সেই ব্যবস্থা নেই।
যদিও ঘোর প্রদেশের লাখ লাখ মানুষের জন্য ওই হাসপাতালটিই ন্যূনতম মৌলিক চিকিৎসা পাওয়ার জন্য সবচেয়ে ভালো হাসপাতাল, যেখানে তারা যেতে পারেন।
কিন্তু হাসপাতালটিতে অসুস্থ শিশুদের নিয়ে আসা মায়েদের বেশিরভাগ সময় হতাশ হতে হচ্ছে। তাদের শিশুরা যেসব রোগে আক্রান্ত সেগুলো নিরাময়যোগ্য, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ওই সব শিশুরা মারা যাচ্ছে।
আফগানিস্তানে কখনোই পর্যাপ্ত গণস্বাস্থ্য পরিষেবা ছিল না। দেশটির স্বাস্থ্যখাত বলতে গেলে বিদেশ থেকে আসা তহবিলের উপরই নির্ভরশীল ছিল। কিন্তু ২০২১ সালের অগাস্টে তালেবান পুনরায় দেশটির ক্ষমতা দখল করার পর ওইসব বৈদেশিক তহবিল বন্ধ হয়ে যায়।
গত ২০ মাস ধরে বিবিসির প্রতিনিধিরা আফগানিস্তান জুড়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক ঘুরেঘুরে সেগুলোকে ভেঙে পড়তে দেখেছেন।
সম্প্রতি তালেবান এনজিওতে নারী কর্মীদের নিষিদ্ধ করার পর বিভিন্ন মানবিক সংস্থার পক্ষে সেখানে তাদের দাতব্য কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে গেছে। যা দেশটির শিশু ও নবজাতকদের আরো বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।
প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে এরইমধ্যে হেরে গেলেও ঘোর হাসপাতালের চিকিৎসাকর্মীরা তাদের যেটুকু সম্বল আছে তা দিয়েই তায়াবুল্লাহকে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন।
শিশুটির অবস্থা পরীক্ষা করতে ডা. আহমাদ সামাদিকে ডাকা হয় এবং তিনি তার স্টেথোসকোপ তায়াবুল্লাহর বুকে ধরে ক্ষীণ হৃদকম্পন শুনতে পান।
নার্স এদিমা সুলতানি দৌড়ে একটি অক্সিজেন পাম্প নিয়ে আসেন। তিনি সেটা তায়াবুল্লাহর মুখে ধরে বাতাস পাম্প করতে থাকেন। আর ডা. সামাদি তার বৃদ্ধাঙ্গুল দিয়ে শিশুটির ছোট্ট বুকে চাপ দিতে থাকেন।
তায়াবুল্লাহর দাদা বিবিসিকে জানান, শিশুটি প্রচণ্ড মাত্রায় অপুষ্টি এবং নিউমোনিয়ায় ভুগছে। দাদা গৌসাউদ্দিন আরও বলেন, ‘‘চরসাদ্দা জেলায় আমাদের বাড়ি থেকে ভাঙাচুরা রাস্তা দিয়ে আট ঘণ্টা পথ চলে তাকে এখানে আনা হয়েছে।”
শুধু শুকনো রুটি খেয়ে দিনের পর দিন পার করা পরিবারটিকে যাত্রা পথের খরচ মেটাতে বহু কষ্টে অর্থ যোগাড় করতে হয়েছে।
চিকিৎসাকর্মীরা প্রায় আধাঘণ্টা চেষ্টার পর নিগারকে জানায়, তার ছেলে মারা গেছে। সন্তান হারা মায়ের বুকফাটা চিৎকারে ওই কক্ষের নিরবতা ভেঙে খান খান হয়ে যায়। একটি কম্বলে মুড়িয়ে শিশুটির মৃতদেহ তার দাদার হাতে তুলে দেওয়া হয়।
সঠিক চিকিৎসা পেলে তায়াবুল্লাহ হয়তো বেঁচে থাকতো। তার যেসব রোগ হয়েছিল তার সবগুলোর চিকিৎসাই আছে।
নার্স সুলতানি বলেন, ‘‘আমিও একজন মা। শিশুটিকে মারা যেতে দেখে আমার মনে হয়েছিল, আমার সন্তানই মারা গেছে। তার মাকে কাঁদতে দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছিল। এটা আমার বিবেক কে আঘাত করেছিল।”
জনবল কম থাকায় সুলতানিকে মাঝেমধ্যেই হাসপাতালে ২৪ ঘণ্টা কাজ করতে হয়।
তিনি বলেন, ‘‘আমাদের যন্ত্রপাতি নেই, প্রশিক্ষিত কর্মী নেই। বিশেষ করে নারী কর্মীর প্রচণ্ড অভাব রয়েছে। যখন আমাদের একসঙ্গে অনেক গুরুতর রোগীর দেখাশুনা করতে হয় তখন আমরা দিশেহারা হয়ে পড়ি। বুঝতে পারি না কোন শিশুটিকে আগে পরীক্ষা করা উচিত। শিশুদের মরতে দেখা ছাড়া আমাদের কিছু করার থাকে না।”
গোটা আফগানিস্তান জুড়ে প্রতিটি হাসপাতালের চিত্র একই।
