২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২ বছর পর বাড়ি ফিরলেন পাকিস্তানে পাচার হওয়া ভারতীয় নারী

২০০২ সালে ভ্রমণ সংস্থার এক এজেন্ট মুম্বাইয়ের বাসিন্দা হামিদা বানুকে দুবাইয়ে চাকরির টোপ দিয়ে পাকিস্তানের হায়দরাবাদে পাচার করে।

২২ বছর পর বাড়ি ফিরলেন পাকিস্তানে পাচার হওয়া ভারতীয় নারী
ছবি: বিবিসি থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 08:27 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

পাকিস্তানে পাচার হয়ে গিয়েছিলেন তিনি। তারপর কেটে গেছে ২২ বছর। শেষ পর্যন্ত বাড়ি ফেরার সুযোগ মিলেছে তার। ভারতের মুম্বাইয়ের বাসিন্দা এই হামিদা বানু এখন ৭৫ বছরের প্রৌঢ়।

গত সোমবার ওয়াঘা সীমান্ত পেরিয়ে তিনি পা রাখেন ভারতের মাটিতে। হামিদাকে বাড়ি ফিরিয়ে নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন তার পরিবরের সদস্যরা।

২০০২ সালে ভ্রমণ সংস্থার এক এজেন্ট হামিদাকে দুবাইয়ে বেশি বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদে পাচার করে।

তার পর থেকে এত দিন সেখানেই থেকেছেন হামিদা। কিছুদিন ছন্নছাড়াভাবে এখানে ওখানে থাকতে হয়েছে তাকে। এরপর পাকিস্তানেরই করাচিতে এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি।

২০২২ সালে ওয়ালিউল্লাহ মারুফ নামে স্থানীয় এক ইউটিউবার হামিদার কাহিনী ভিডিও’র মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন।

কিছু দিনের মধ্যেই মারুফের ভিডিওটি দু’দেশে ছড়িয়ে পড়ে। ভিডিওর সূত্র ধরেই ২২ বছর পর হামিদার খোঁজ পায় তার পরিবার। হামিদার নাতি ইউটিউবে তার ভিডিও দেখেছিল।

এরপর হামিদার সঙ্গে ফোনে কথাও হয় তার মেয়ের। শুরু হয় তাকে দেশে ফেরানোর তোড়জোড়। হামিদার পরিচয় যাচাই করার পর তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন।

বিবিসি জানায়, ভারতে ২০০২ সালে স্বামীর মৃত্যুর পর বিভিন্ন দেশে রান্নার কাজ করে চার সন্তানকে বড় করছিলেন হামিদা। সে সময়ই ভ্রমণ সংস্থার এজেন্টের পাল্লায় পড়েন তিনি।  

হামিদা জানিয়েছেন, পাকিস্তানে যাওয়ার পর তাকে তিন মাস একটি বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। সে সময়টি একটি ‘জীবন্ত লাশের মতো’কেটেছে তার।

পরবর্তীতে হামিদা করাচির যে ব্যক্তিকে বিয়ে করেছিলেন, তিনিও মারা যান কোভিড মহামারীর সময়। এরপরেই জীবনের মোড় ঘুরে যায় হামিদার। তার সাক্ষাৎকার ইউটিউবে প্রচার করেন ওয়ালিউল্লাহ মারুফ।

ভারতের এক সাংবাদিক খালফান শেখ এই সাক্ষাৎকার দেখার পর ২০২২ সালের জুলাইয়ে হামিদার জীবনকাহিনী সংবাদ শিরোনাম হলে সেটি তার পরিবারের নজরে আসে।

এরপর হামিদার সঙ্গে ফোনে তার পরিবারের যোগাযোগ করানোর ব্যবস্থা করেন সাংবাদিক খালফান এবং ইউটিউবার মারুফ দুইজনই। পাকিস্তানে ভারতীয় হাই কমিশন জানিয়েছিল, ২০০২ সাল থেকেই হামিদা বানু ভারতে নিখোঁজ হয়েছেন।

ইসলামাবাদের সঙ্গে নিয়ম মেনে নথি চালাচালি এবং যাচাই-বাছাইয়ের পর দেখা যায়, হামিদা সত্যিই পাকিস্তানের বাসিন্দা নন। তারপরেই তাকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।