১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার বৈকাল হ্রদ থেকে ৭ চীনা পর্যটকের মরদেহ উদ্ধার

তাদের বহনকারী মাইক্রোবাসটি হ্রদের ১৮ মিটার গভীরে তলিয়ে যায়। মৃতদেহগুলো খুঁজতে ডুবুরিদের আন্ডারওয়াটার ক্যামেরা ব্যবহার করতে হয়েছে।

রাশিয়ার বৈকাল হ্রদ থেকে ৭ চীনা পর্যটকের মরদেহ উদ্ধার
মাইক্রোবাসটি বৈকাল হ্রদের বরফ আচ্ছাদনের তিন মিটার চওড়া একটি ফাটল দিয়ে ভেতরে পড়ে গিয়েছিল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 01:02 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবুরিরা সাইবেরিয়ার বৈকাল হ্রদ থেকে সাত চীনা পর্যটক ও এক রুশ গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার করেছেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি বরফ আচ্ছাদিত হ্রদটিতে ডুবে গিয়েছিল।  

সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলের গভর্নর ইগর কোভজিয়েভ এ ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার ও বন্ধুদের প্রতি ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেছেন। এর আগে তিনি জানান, একজন চীনা পর্যটক কোনোরকমে বেঁচে আসতে পেরেছেন। 

বিবিসি জানিয়েছে, শুক্রবার দুর্ঘটনাটি ঘটে। মাইক্রোবাসটি হ্রদের ১৮ মিটার (৫৯ ফুট) গভীরে তলিয়ে যায়। মৃতদেহগুলো খুঁজতে ডুবুরিদের আন্ডারওয়াটার ক্যামেরা ব্যবহার করতে হয়েছে। 

বৈকাল বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ। এর সর্বোচ্চ গভীরতা ১৬৪২ মিটার (৫৩৮৭ ফুট) । এই হ্রদটি জনপ্রিয় এক পর্যটন গন্তব্য। তীব্র শীতের মধ্যে হ্রদটির পানি প্রায়ই জমাট বেঁধে যায়। গত কয়েক বছরে এ হ্রদটিতে অনেকগুলো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। 

টেলিগ্রামে করা এক পোস্টে গভর্নর কোভজিয়েভ জানিয়েছেন, মাইক্রোবাসটি হ্রদের বরফ আচ্ছাদনের তিন মিটার চওড়া একটি ফাটল দিয়ে ভেতরে পড়ে গিয়েছিল।  

তিনি পর্যটকদের শুধু নিবন্ধিত পেশাদার ট্যুর অপারেটরদের মাধ্যমে সেখানে ভ্রমণে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 

গভর্নর বলেছেন, “আমি আরও একবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এখন বৈকাল হ্রদের বরফে যাওয়া শুধু নিষিদ্ধই নয়, এটি মারাত্মক বিপজ্জনক।”  

তিনি জানান, ১৪ বছর বয়সী এক শিশুসহ ওই চীনা পর্যটকরা নিজেদের মতো করে ভ্রমণ করছিলেন। 

এই শোচনীয় ঘটনার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে। 

এর কিছুক্ষণ পর কোভজিয়েভ ফের সামাজিক মাধ্যমে আরেকটি পোস্ট দিয়ে বলেন, “দুঃখজনকভাবে, এই শোচনীয় ঘটনাও মানুষকে কোনো শিক্ষা দেয়নি।” 

তিনি জানান, শুক্রবার ও শনিবার পৃথক দুটি ঘটনায় ছয় জনকে তাদের গাড়িতে আটকে পড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

জানুয়ারির শেষ দিকে বৈকাল হ্রদের জমাট বাঁধা পৃষ্ঠে ঘুরতে থাকা একটি গাড়ি উল্টে আরেক চীনা পর্যটকের মৃত্যু হয়েছিল।