২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন

সম্প্রতি কয়েক বছর ধরে স্পর্শকাতর তাইওয়ান প্রণালী দিয়ে যাতায়াত করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র যুক্তরাজ্য, কানাডার মতো দেশগুলোর যুদ্ধজাহাজ।

তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 06 Jan 2023, 07:29 PM

Updated : 06 Jan 2023, 07:29 PM

তাইওয়ান প্রণালীর স্পর্শকাতর স্থান দিয়ে বৃহস্পতিবার যাত্রা করেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ, এতে ক্ষুব্ধ হয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, এটি তাদের বৈধ রুটিন কার্যক্রম।

সম্প্রতি কয়েক বছর ধরে স্পর্শকাতর তাইওয়ান প্রণালী দিয়ে যাতায়াত করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র যুক্তরাজ্য, কানাডার মতো দেশগুলোর যুদ্ধজাহাজ।

এতে ক্ষুব্ধ হয়ে আছে চীন। চীন তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ হিসাবে দেখে এবং তারা চায় দ্বীপটি আবার তাদের নিয়ন্ত্রণে আসবে। যদিও তাইওয়ান মনে করে তারা একটি স্বাধীন রাষ্ট্র।

ওদিকে, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও দ্বীপদেশটিকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের আইনগত বাধ্যবাধকতা আছে।

বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের যাত্রা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “আরলেই বার্ক-শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার চুং-হুন তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। এই স্থান দিয়ে চুং হুনের যাত্রা ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে অবাধ ও মুক্ত রাখার যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষারই বহিঃপ্রকাশ।”

ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গুয়ে এক বিবৃতিতে কড়া ভাষায় এর বিরোধিতা করেছেন। তিনি বলেন, চীন কঠোরভাবে এ পদক্ষেপের বিরোধিতা করছে।

যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সমস্যা, উত্তেজনা উস্কে দেওয়া বন্ধ করা এবং তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ক্ষুন্ন না করার আহ্বান জানান পেঙ্গুয়ে।

তিনি আরও বলেন, “যুক্তরাষেট্রর যুদ্ধ জাহাজগুলো নৌ চলাচলে স্বাধীন অনুশীলনের নামে প্রায়ই শক্তি জাহির করে। এটি ওই অঞ্চলকে অবাধ ও মুক্ত রাখার বিষয় নয়।”

“চীন উচ্চ সতর্কতা বজায় রাখবে এবং তারা যে কোনও সময় সবরকমের হুমকি ও উসকানির জবাব দিতে প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করবে চীন।”

ওদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রাণালয় বলছে, যুদ্ধজাহাজের যাত্রায় উসকানিমূলক কিছু দেখেনি তারা।