১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাইতির লাফেরিয়ের দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু

ঐতিহাসিক দুর্গটির প্রবেশ পথে পদদলনের ঘটনাটি ঘটে। এ সময় বৃষ্টি হওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে।

হাইতির লাফেরিয়ের দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু
হাইতির ঐতিহাসিক লাফেরিয়ের দুর্গ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 04:20 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

হাইতির উত্তরাঞ্চলীয় গ্রামীণ এলাকার লাফেরিয়ের দুর্গে পদদলনের এক ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।  

হাইতির উত্তর বিভাগের দমকল বাহিনী প্রধান জঁ অঁরি পেতি জানিয়েছেন, ১৯ শতকের প্রথমদিকে তৈরি করা ঐতিহাসিক দুর্গ লাফেরিয়েরে শনিবার পদদলনের এই ঘটনাটি ঘটে। এ সময় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এই স্থানটি শিক্ষার্থী ও পর্যটক দিয়ে ভরা ছিল। তারা দুর্গটির বার্ষিক উৎসবে যোগ দিতে এসেছিল। 

পেতি জানান, দুর্গটির প্রবেশ পথে পদদলনের ঘটনাটি ঘটে। এ সময় বৃষ্টি হওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে। 

হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-আইমে এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্গের উৎসব উপলক্ষ্যে ‘অনেক তরুণ লোকজন’ সেখানে হাজির হয়েছিল। তিনি নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। 

হাইতিজুড়ে অপরাধী দলগুলোর ব্যাপক সহিংসতা ও নির্বিচার হত্যাকাণ্ডের মধ্যে এই প্রাণঘাতী পদদলনের ঘটনাটি ঘটল। দেশটির নিরাপত্তা বাহিনীও বাড়তে থাকা প্রাণঘাতী সহিংসতা নিয়ন্ত্রণে আনতে লড়াই করে চলছে।