২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার আল-শিফা হাসপাতালে ৯০ বন্দুকধারীকে হত্যার দাবি ইসরায়েলের

বন্দুকধারীরা হাসপাতালটি তাদের কাজে ব্যবহার করছে- এমন গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সেখানে বিশেষ বাহিনী পাঠানো হয় বলে জানিয়েছে ইসরায়েল।

গাজার আল-শিফা হাসপাতালে ৯০ বন্দুকধারীকে হত্যার দাবি ইসরায়েলের

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 20 Mar 2024, 06:26 PM

Updated : 20 Mar 2024, 06:26 PM

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাজার আল-শিফা হাসপাতালে বুধবার অভিযান চালিয়ে তারা প্রায় ৯০ জন বন্দুকধারীকে হত্যা করেছে এবং ১৬০ জনকে গ্রেপ্তার করেছে।

গাজায় যুদ্ধের আগে সবচেয়ে বড় হাসপাতাল ছিল আল-শিফা। এখন হাতেগোণা যে কয়টি হাসপাতাল আংশিক সচল আছে তার একটিতে পরিণত হয়েছে এই হাসপাতাল। গাজার উত্তরের এই হাসপাতালে বাস্তুচ্যুত মানুষেরাও আশ্রয় নিয়ে আছে।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “গত একদিনে সেনারা সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে এবং হাসপাতাল এলাকায় অস্ত্রের খোঁজ পেয়েছে। হাসপাতালে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিক, রোগী, চিকিৎসক দল এবং চিকিৎসা যন্ত্রপাতির কোনও ক্ষতি সাধন করা হয়নি।”

গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান শুরু হয় মূলত গত সোমবার সকাল থেকে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা হাসপাতালে বিশেষ বাহিনী পাঠিয়েছে। সহায়ক হিসাবে পদাতিক বাহিনী এবং ট্যাংক পাঠানো হয়েছে। বন্দুকধারীরা আবার হাসপাতালটি তাদের কাজে ব্যবহার করছে-এমন গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সেখানে বিশেষ বাহিনী পাঠানো হয়।

গত নভেম্বরে ইসরায়েলি বাহিনী প্রথম আল শিফা হাসপাতালে অভিযান চালানোর পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল। সেনারা সেখানে অনেক সুড়ঙ্গ পাওয়ার দাবি করে। এই সুড়ঙ্গগুলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ব্যবহার করে এসেছে বলে জানায় তারা।

তবে হামাস এবং হাসপাতালের চিকিৎসাকর্মীরা ইসরায়েলের এমন দাবি অস্বীকার করেছে। হাসপাতালটি কোনও সামরিক উদ্দেশে ব্যবহার করা হয় না এবং যোদ্ধাদেরকেও আশ্রয় দেওয়া হয় না বলে জানিয়েছে তারা।