২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ সেকেন্ড আগেই পরীক্ষা শেষ করে দেওয়ায় শিক্ষার্থীদের মামলা

দক্ষিণ কোরিয়ায় কলেজের এই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অন্তত ৩৯ জন শিক্ষার্থী সরকারের বিরুদ্ধে মামলা করেছে। তারা প্রত্যেকে ২ কোটি ওন ক্ষতিপূরণ দাবি করেছে।

৯০ সেকেন্ড আগেই পরীক্ষা শেষ করে দেওয়ায় শিক্ষার্থীদের মামলা

ছবি: বিবিসি ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 07:36 PM

Updated : 20 Dec 2023, 08:35 PM

কলেজের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড আগেই শিক্ষক খাতা নিয়ে নেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী।

বিবিসি জানায়, অন্তত ৩৯ জন শিক্ষার্থী মঙ্গলবার এ মামলা দায়ের করেছে। তারা প্রত্যেকে সরকারের কাছে ২ কোটি ওন (১৫ হাজার ৪০০ মার্কিন ডলার) দাবি করেছে। ফের এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এক বছরের পড়াশোনার খরচ হিসেবে এ অর্থ চেয়েছে তারা।

অভিযোগপত্রে শিক্ষার্থীরা বলেছে, তাদের প্রথম পরীক্ষা ছিল কোরিয়ান বিষয়ের ওপর। রাজধানী সিউলের একটি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষা শেষের নির্ধারিত সময়ের আগেই ঘণ্টা বাজানো হয়েছিল। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানিয়েছিল শিক্ষার্থীরা। তারপরও পরীক্ষক তাদের খাতা নিয়ে নিয়েছেন।

যদিও পরের বিষয়ে পরীক্ষা শুরুর আগেই শিক্ষকরা ভুল বুঝতে পেরে মধ্যাহ্নভোজের বিরতির সময় শিক্ষার্থীদেরকে ওই দেড় মিনিট সময় দেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, ওই সময়ে তারা কেবল উত্তরপত্রের খালি কলামগুলোতে দাগ দিতে পেরেছেন। তাদেরকে কোনও প্রশ্নের উত্তর পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি।

বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, এ ঘটনায় শিক্ষার্থীরা এতটাই হতাশ হয়ে পড়ে যে, তারা বাকি পরীক্ষায় মনোযোগ দিতে পারেনি। এমনকি কেউ কেউ হাল ছেড়ে দিয়ে বাড়িও চলে গিয়েছিল।

শিক্ষার্থীদের আইনজীবী কিম উ-সুক স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, শিক্ষকদের ওই ভুলের কারণে শিক্ষার্থীদের বাকি পরীক্ষায় বিরূপ প্রভাব পড়েছে। অথচ শিক্ষা কর্তৃপক্ষ এ জন্য ক্ষমা চায়নি।

দক্ষিণ কোরিয়ার কলেজের এই ভর্তি পরীক্ষা সুনেউং নামে পরিচিত। বেশ কয়েকটি বিষয়ে আট ঘণ্টার এই ম্যারাথন পরীক্ষা নেওয়া হয়। বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে সুনেউং একটি।

প্রতি বছর এ পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মনোযোগ যাতে ব্যাহত না হয় সেজন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়। যেমন: দেশের আকাশসীমা বন্ধ করা এবং স্টক মার্কেট দেরিতে খোলা। গত ৮ ডিসেম্বর চলতি বছরের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

দক্ষিণ কোরিয়ায় পরীক্ষা শেষের আগে ঘণ্টা বাজানো এবং মামলার ঘটনা এবারই প্রথম নয়। ২০২১ সালেও ভর্তি পরীক্ষায় দুই মিনিট আগে ঘণ্টা বাজানোর অভিযোগে করা মামলায় গত এপ্রিলে শিক্ষার্থীদের ৭০ লাখ ওন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় সিউলের একটি আদালত।