২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবিরাম বর্ষণে বাড়ছে পানি, ভিয়েতনামে মৃত্যু বেড়ে ৪১

নিখোঁজ ৯ জনের সন্ধানে অভিযান চলছে।

অবিরাম বর্ষণে বাড়ছে পানি, ভিয়েতনামে মৃত্যু বেড়ে ৪১
বন্যায় ৫২ হাজারের বেশি ঘরবাড়ি ডুবেছে, ৫ লাখের বেশি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন। ফাইল ছবি। ছবি: সিনহুয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 09:39 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

টানা বর্ষণ ও বন্যা মধ্য ভিয়েতনামে গত কয়েকদিনে অন্তত ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। 

আরও ৯ জন নিখোঁজ, তাদের সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বন্যায় ৫২ হাজারের বেশি ঘরবাড়ি ডুবেছে, ৫ লাখের বেশি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অন্ধকারে ডুবে আছে, স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত তিনদিনে একাধিক এলাকায় বৃষ্টিপাত দেড় মিটার (৫ ফুট) ছাড়িয়ে গেছে, কোথাও কোথাও তা ১৯৯৩ সালের ৫ দশমিক ২ মিটার বন্যার সর্বোচ্চ স্তরও অতিক্রম করেছে।

দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে আছে উপকূলীয় শহর হোই আন ও না ত্রাং। মধ্যাঞ্চলীয় উঁচু ভূমিতে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি কফি উৎপাদন এলাকাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে, যেখানকার কৃষকরা কিছুদিন আগে হওয়া ঝড়ের ক্ষতিই এখনও কাটিয়ে উঠতে পারেননি।

গত কয়েক মাসে আবহাওয়ার রুদ্ররোষ ভিয়েতনামকে তছনছ করে দিয়েছে। কয়েক সপ্তাহের ব্যবধানে হওয়া দুটো টাইফুন কালমায়েলি ও বুয়ালোই কমিউনিস্ট দেশটিতে অনেক মৃত্যু ও ধ্বংসের ছাপ রেখে গেছে।

কেবল জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সেখানকার সরকার।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ঘরে বন্যার পানি বাড়তে থাকায় লোকজনকে বাড়ির ছাদে আটকে থাকতে দেখা গেছে। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে স্রোতের তোড়ে লাম ডং প্রদেশের একটি ঝুলন্ত সেতুর উপড়ে পড়া ও ভেসে যাওয়ার দৃশ্যও দেখা গেছে।

ভূমিধসে প্রধান প্রধান সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রদেশটি জরুরি অবস্থা জারি করেছে।

পর্যটন নগরী দা লাতেতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ মিমোসা পাসের একাংশ ধসে পড়ার পর সেখানে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

বন্যাদুর্গত এলাকাগুলো থেকে এরই মধ্যে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। জরুরি আশ্রয় কেন্দ্র বানাতে সামরিক বাহিনীর সদস্য ও পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

কয়েক দিন ধরে অবিরাম বর্ষণে ভিয়েতনামের মধ্যাঞ্চলের অনেক এলাকায় বন্যার পানি বেড়েছে।

না ত্রাংয়ের এক রেস্তোরাঁ মালিক প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, তার দোকান এক মিটার পানিতে তলিয়ে আছে।

“আমি আমার রেস্তোরাঁ ও দোকানের আসবাবগুলো নিয়ে চিন্তিত, কিন্তু এখন আমার কিছু করারও নেই। মনে হয় না সহজে পানি নামবে, কারণ বৃষ্টি এখনও থামেনি,” বলেছেন রেস্তোরাঁ মালিক বুই কুইওক ভিন।

মধ্য ভিয়েতনামে অন্তত রোববার পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

ভিয়েতনামের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ১৬