২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ১৬

৪৩ হাজারের বেশি বাড়িঘর ও ১০ হাজার হেক্টরের বেশি জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

ভিয়েতনামের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ১৬
ভিয়েতনামে দুই সপ্তাহ আগেই এক দফা বন্যা হয়ে গেছে। ওই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা পুরোপুরি পরিষ্কার করার আগেই অনেক এলাকায় ফের পানি বাড়তে শুরু করেছে। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 04:23 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ভিয়েতনামের মধ্যাঞ্চলে নতুন এক দফা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬-তে পৌঁছেছে বলে সরকারি এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

বৃষ্টির কারণে আগেই তলিয়ে থাকা শহর ও গ্রামগুলোতে পানির উচ্চতা আরও বাড়ছে।

গত কয়েকদিন ধরে ভিয়েতনামের মধ্যাঞ্চলের অনেক এলাকায় বৃষ্টিপাত এক হাজার ৫০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। 

এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদন এলাকা। দেশটির সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোও এই অঞ্চলের উপকূলে অবস্থিত। কিন্তু অঞ্চলটি অত্যন্ত ঝড় ও বন্যাপ্রবণ। 

বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৫ জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে। 

বৃহস্পতিবার ভিয়েতনাম সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রতিবেদনে ৪৩ হাজারের বেশি বাড়িঘর ও ১০ হাজার হেক্টরের বেশি জমির ফসল পানিতে তলিয়ে গেছে বলে জানানো হয়েছে। 

বন্যার পানিতে অনেক কফিক্ষেতও তলিয়েছে এবং অঞ্চলটিতে কফি সংগ্রহের কার্যক্রম ক্ষতিগ্রস্ত করছে, বলছেন ব্যবসায়ীরা। 

বন্যায় বৈদ্যুতিক গ্রিড ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫ লাখ ৫৩ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও অন্ধকারে রয়েছে বলে জানিয়েছে কমিউনিস্ট দেশটির সরকার। 

রাষ্ট্রীয় গণমাধ্যমে আসা ছবিতে বন্যায় বিপর্যস্ত এলাকাগুলোর অনেক বাড়ির ছাদে শিশুসহ বাসিন্দাদের সাহায্যের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে। 

অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সাহায্য চাইছেন।

“কেউ থাকলে দয়া করে সাহায্য করুন। আমরা গতরাত ১০টা থেকে ছাদে বসে আছি। শিশুরাও, প্রাপ্তবয়স্করাও,” খান হোয়া প্রদেশের এক বাসিন্দা স্থানীয় এক ফেইসবুক পেইজে এমনটাই লিখেছেন। 

ওই পোস্টের সঙ্গে দেওয়া ছবিতে বৃষ্টির মধ্যে একদল লোককে বন্যা আক্রান্ত একটি বাড়ির ধাতব ছাদে বসে থাকতে দেখা যাচ্ছে।

আরও কিছু ছবিতে খান হোয়া, গিয়া লাই ও ডাক লাক প্রদেশের কয়েকটি আবাসিক এলাকা গভীর পানিতে তলিয়ে থাকতে দেখা গেছে।

খান হোয়ায় আটকে পড়া বাসিন্দাদের সহায়তায় নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে বৃহস্পতিবার ভিয়েতনাম বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। বন্যার পানি কোথাও কোথাও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলেও জানিয়েছে তারা। 

ভিয়েতনামে ফের বন্যা, ভূমিধসে ৯ জনের মৃত্যু