২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে ফের বন্যা, ভূমিধসে ৯ জনের মৃত্যু

ভিয়েতনামের মধ্যাঞ্চলের বেশ কয়েটি এলাকায় শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ১১০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে।

ভিয়েতনামে ফের বন্যা, ভূমিধসে ৯ জনের মৃত্যু
ইউনেস্কো ঘোষিত প্রাচীন ঐতিহ্যের শহর হোই আনে দুই সপ্তাহ আগে এক দফা বন্যা হয়ে যাওয়ার পর আবার পানি বাড়তে শুরু করেছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 02:13 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ভিয়েতনামের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে আবার নতুন করে বন্যা দেখা দিয়েছে ও ভূমিধসের ঘটনা ঘটেছে। 

বুধবার এক প্রতিবেদনে দেশটির সরকার জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এসব প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।  

রয়টার্স জানিয়েছে, ভিয়েতনামের মধ্যাঞ্চলের বেশ কয়েটি এলাকায় শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ১১০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদন এলাকা। দেশটির সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোও এই অঞ্চলের উপকূলে অবস্থিত। কিন্তু অঞ্চলটি অত্যন্ত ঝড় ও বন্যাপ্রবণ।   

প্রবল বৃষ্টির কারণে চলমান কফি বিন সংগ্রহ বাধাগ্রস্থ হতে পারে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা। ডাক লাক প্রদেশের কৃষকরা ১০ থেকে ১৫ শতাংশ কফি বিন সংগ্রহ করেছেন। এখন সেগুলো শুকাতে তাদের সূর্যের আলো দরকার।  

বন্যা ও ভূমিধসে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় হ্যাং লে গিরিপথে প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসের কবলে পড়া একটি বাসের ৬ যাত্রী রয়েছেন। বাসটি লাম ডং প্রদেশের রাজধানী পাহাড়ি শহর দাও লাত থেকে উপকূলীয় পর্যটন শহর যা ট্র্যাংয়ে যাওয়ার পথে দুর্যোগটি ঘটে।  

উপকূলীয় শহর দানাংয়ে ভূমিধসের আরেকটি ঘটনায় তিনজন জীবন্ত মাটিচাপা পড়েন। এ ঘটনায় আরও সাতজন নিখোঁজ রয়েছেন। 

ভিয়েতনাম বার্তা সংস্থা জানিয়েছে, মধ্যাঞ্চলের বন্যাকবলিত এলাকাগুলোর বাড়িগুলো থেকে মঙ্গলবার রাতের মধ্যে কয়েকশ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। গিয়া লাই প্রদেশের স্কুলগুলো বুধবার বন্ধ রাখা হয়েছে। এসব স্কুলের ছাত্র সংখ্যা ২৬ হাজারেরও বেশি। 

ইউনেস্কো ঘোষিত প্রাচীন ঐতিহ্যের শহর হোই আনে দুই সপ্তাহ আগে এক দফা বন্যা হয়ে গেছে। ওই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা পুরোপুরি পরিষ্কার করার আগেই আবার পানি বাড়তে শুরু করেছে।