ভারতে বৃষ্টিতে দেয়াল ধসে ৯ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় লখনৌতে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। অস্বাভাবিক এ বৃষ্টিতে নগরীর বহু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনৌতে ভারি বৃষ্টির মধ্যে একটি দেয়াল ধসে নয় জন নিহত ও দুই জন আহত হয়েছে।
আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশের যুগ্ম কমিশনার পীযূশ মোরদিয়া বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, “দিলখুশা এলাকায় সেনাবাহিনীর একটি এলাকার বাইরের দিকে কুঁড়েঘরে কিছু শ্রমিক বসবাস করতো। রাতে ভারি বৃষ্টিতে সেনাবাহিনীর এলাকার সীমানা দেয়ালটি ধসে পড়ে।
“আমরা ভোররাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। ধ্বংসাবশেষ থেকে নয়টি মৃতদেহ বের করে আনা হয় আর একজনকে জীবিত উদ্ধার করা গেছে।”
ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাসে লখনৌর বেশ কয়েকটি এলাকায় অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে। ভোররাতে দেওয়া এক ঘোষণায় স্কুল বন্ধ রাখার কথা বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় লখনৌতে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। এ সময় ১৫৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অস্বাভাবিক এ বৃষ্টিতে নগরীর বহু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
সাধারণত সেপ্টেম্বর মাসে লখনৌতে ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
