২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রাশিয়ায় ঢুকে হামলা শুরুর দাবি ক্রেমলিন-বিরোধী রুশ সশস্ত্র দলের

ইউক্রেইনভিত্তিক তিনটি রুশ আধাসামরিক গোষ্ঠী জানিয়েছে, তাদের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে রাশিয়ায় ঢুকে হামলা চালাচ্ছে।

রাশিয়ায় ঢুকে হামলা শুরুর দাবি ক্রেমলিন-বিরোধী রুশ সশস্ত্র দলের

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2024, 11:57 PM

Updated : 13 Mar 2024, 01:50 AM

ইউক্রেইনভিত্তিক তিনটি ক্রেমলিন-বিরোধী রুশ আধাসামরিক গোষ্ঠী দাবি করেছে, তাদের সশস্ত্র যোদ্ধারা মঙ্গলবার সীমান্ত পেরিয়ে রাশিয়ায় ঢুকে সেখানকার সরকারি সেনাদের বিরুদ্ধে ট্যাংক দিয়ে হামলা শুরু করেছে। যদিও মস্কো বলছে, তারা হামলা প্রতিহত করেছে।

তিনটি রুশ আধাসামরিক গোষ্ঠী হচ্ছে- দ্য ফ্রিডম অব রাশিয়া লেজিয়ন (এফআরএল), সাইবেরিয়ান ব্যাটালিয়ন (এসবি) এবং রাশিয়ান ভলেন্টিয়ার কোর (আরডিকে)।

বিবিসি জানায়, এফআরএল এবং এসবি ভিডিও পোস্ট করেছে। তাতে রাশিয়ার বেলগোরোদ এবং কুরস্ক অঞ্চলে তাদের যোদ্ধাদেরকে দেখা গেছে। আরডিকে’ও ভিডিও ফুটেজ প্রকাশ করে বলেছে, তাদের যোদ্ধারা রাশিয়ার সেনাদের সঙ্গে লড়ছে।

এফআরএল এবং নির্বাসিত এক রুশ রাজনীতিবিদ বলেছেন, এখন দুটো গ্রাম তাদের ‘মুক্তি বাহিনীর’ নিয়ন্ত্রণে আছে।

ইউক্রেইন বলছে, এই রুশ আধাসামরিক গোষ্ঠীগুলো স্বাধীনভাবে লড়াই করছে। রাশিয়ার নাগরিকদের গঠিত স্বাধীন গোষ্ঠী এগুলো। কিন্তু রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে গোষ্ঠীগুলোর শুরু করা এই সীমান্তপারের হামলায় ইউক্রেইনের রাজধানী কিইভের সমর্থন আছে বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

দ্য ফ্রিডম অব রাশিয়া লেজিয়ন (এফআরএল) এর মুখপাত্র অ্যালেক্সি বারানোভস্কি বলেছেন, “অভিযানের কেবল প্রথম দিন শুরু। কিন্তু নির্বাচন, আমরা যেটুকু জানি- কেবলমাত্র এ সপ্তাহের শেষে...সবচেয়ে মজার বিষয়গুলো এখন ঘটা বাকি।”

গোষ্ঠীটি বলেছে, তারা রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে ইউক্রেইনের সীমান্তবর্তী তেতকিনো গ্রামের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ড্রোন থেকে তোলা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে তারা দেখিয়েছে যে, তাদের কয়েকজন যোদ্ধা মাঠে দৌড়াচ্ছে।

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সীমান্ত অতিক্রমের চেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে।

মঙ্গলবার এফআরএল একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটি রাশিয়া-ইউক্রেইন সীমান্তের বলে জানিয়েছে তারা। ফুটেজে এক সশস্ত্র এফআরএল সেনাকে বলতে শোনা গেছে, “আমাদের সব নাগরিকের মতো আমরা (প্রেসিডেন্ট) পুতিনের স্বৈরাচারিতা থেকে মুক্ত রাশিয়ার স্বপ্ন দেখি। কিন্তু আমরা শুধু স্বপ্নই দেখি না; স্বপ্নগুলোকে সত্য করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাই। আমরা আমাদের ভূমিকে এই শাসনের হাত থেকে একটু একটু করে দূরে সরিয়ে নেব।”

ওদিকে, প্রকাশিত আরেক ভিডিও ফুটেজে সাইবেরিয়ান ব্যাটালিয়ন (এসবি) বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে ভয়ংকর লড়াই চলছে।’ ফুটেজটিতে যোদ্ধাদেরকে রাশিয়ার সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যেতেও দেখা গেছে।

এসবি যোদ্ধারা আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের নিন্দাও জানিয়েছে। তারা বলছে, “এ নির্বাচনে ব্যালট এবং ভোটকেন্দ্রগুলো সাজানো। আপনি সত্যিই আপনার জীবনকে আরও ভাল করার জন্য পরিবর্তন আনতে পারেন কেবলমাত্র হাতে অস্ত্র তুলে নিয়ে।”

অন্যদিকে, রাশিয়ান ভলেন্টিয়ার কোর (আরডিকে) এর প্রকাশিত ভিডিও ফুটেজে দাবি করা হয় যে, রাশিয়ার সরকারি বাহিনী যুদ্ধ না করেই অস্ত্র ফেলে পালিয়েছে।

তবে ভিডিওগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি, বলছে বিবিসি।

রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্ত গ্রাম তেতকিনো মঙ্গলবারের অভিযানের অন্যতম লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে, যেটি এখন মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে বলে দাবি এফআরএল-এর।