ইসরায়েলের তেল আবিবের কাছে বাস স্টপে ট্রাকের ধাক্কায় আহত ৩৫
আহতদের অনেকেই বয়োজ্যেষ্ঠ নাগরিক। তারা একটি বাস থেকে নামার পর ঘটনার শিকার হন।
ইসরায়েলের তেল আবিব শহরের অদূরে গ্লিলোট সামরিক ঘাঁটির কাছে এক বাস স্টপে চলন্ত ট্রাকের ধাক্কায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
ইসরায়েলের মেগান ডেভিড আদম (এমডিএ) জরুরি পরিষেবা জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর, পাঁচজনের জখম মাঝারি ধরনের আর ২০ জন সামান্য আঘাত পেয়েছেন। আরও চারজন আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, “এখন ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।”
এমডিএ জানিয়েছে, তারা ঘটনাস্থলেই অনেক লোককে চিকিৎসা দিয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আহতদের অনেকেই বয়োজ্যেষ্ঠ নাগরিক। তারা একটি বাস থেকে নামার পর ঘটনার শিকার হন। সেখানে বাস থেকে নেমে একটি জাদুঘর পরিদর্শন করতে যাচ্ছিলেন তারা।
ঘটনাটিকে সন্দেহভাজন ‘সন্ত্রাসী হামলা’ বলে বিবেচনা করছে ইসায়েলের কর্তৃপক্ষ।
