ট্রাম্পের হুমকি উপেক্ষা করে কিইভে রাশিয়ার হামলা, নিহত ১৫
ইউক্রেইনের রাজধানী কিইভে ভোররাতের এ হামলায় আরও ১৪৫ জন আহত হয়েছে। একরাতেই সেখানে হানা দিয়েছে রাশিয়ার ৩০৯ টি ড্রোন এবং ৮ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র।
যুদ্ধবিরতিতে পৌঁছার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম এবং নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইউক্রেইনের রাজধানী কিইভে মুহূর্মুহূ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে চালানো এ হামলায় কিইভে অন্তত ১৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে আছে ৬ বছরের এক বালক ও তার মা।
আহতদের ১৪ জনই শিশু বলে জানিয়েছে ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তারা আরও জানায়, কিইভের আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় নিহত হয়েছে ৩ জন। সেখানকার প্রবেশপথ ধ্বংস হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপ সরাচ্ছে।
কিইভের দুই ডজনেরও বেশি স্থানে আঘাত হেনেছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইউক্রেইনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে এটিই সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন কিইভের মেয়র।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ৮ অগাস্টের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেইন যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি।
কিন্তু এর কোনও তোয়াক্কা না করেই রাশিয়া ঘণ্টার পর ঘণ্টা ধরে হামলা চালিয়ে গেছে কিইভে। ইউক্রেইনের বিমানবাহিনীর হিসাবমতে, একরাতেই কিইভে হানা দিয়েছে রাশিয়ার ৩০৯ টি ড্রোন এবং ৮ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র।
তবে ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এইসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অনেকগুলোই ধ্বংস করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ট্রাম্প এর আগে রাশিয়াকে প্রথমবার যুদ্ধ বন্ধে আল্টিমেটাম দেওয়ার পর থেকে এটিই কিইভে তাদের সবচেয়ে বড় হামলা।
যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার হুমকি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেইনে হামলার পথ থেকে সরে আসতে তেমন কাজে দেয়নি বলেই প্রতীয়মান হচ্ছে এ থেকে।
এরই মধ্যে রাশিয়া যুদ্ধক্ষেত্রে আরও অগ্রগতি সাধনের দাবি করেছে। তারা পূর্ব দোনেৎস্ক অঞ্চলের পাহাড়ি শহর চাসিভ ইয়ার দখলে নেওয়ার দাবি করেছে। তবে ইউক্রেইন এই শহর পতনের কথা অস্বীকার করেছে।
