ইউক্রেইনের ভবিষ্যৎ নির্ধারণে ওয়াশিংটন বৈঠক হতে পারে ‘আলাস্কার চেয়েও গুরুত্বপূর্ণ’
পুতিন প্রথমেই দনবাস চাইছেন। লুহানস্ক আর দোনেৎস্ক মিলিয়ে ইউক্রেইনের এই শিল্পাঞ্চলটির প্রায় ৮৫ শতাংশের দখল এখন তার বাহিনীর হাতে।
হোয়াইট হাউজে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের যে বৈঠক হতে যাচ্ছে তা ইউক্রেইনের ভবিষ্যৎ নির্ধারণ ও সমগ্র ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এমনকি এই বৈঠকের গুরুত্ব শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠক হয়েছে তাকেও ছাপিয়ে যেতে পারে, বলছেন বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি ফ্র্যাঙ্ক গার্ডনার।
তার মতে, দৃশ্যত পুতিন-ট্রাম্প সম্মেলনে যেমনটা প্রত্যাশা করা হচ্ছিল, তা-ই হয়েছে। কোনো ধরনের যুদ্ধবিরতি নয়, নয় কোনো নতুন নিষেধাজ্ঞা, আসেনি বড় কোনো ঘোষণাও।
বিশ্বের দুই শীর্ষ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কী ইউক্রেইন আর ইউরোপকে বাদ রেখে পেছনের দরজা দিয়ে কোনো গোপন চুক্তি করতে যাচ্ছিলেন?
না মনে হয়। হলেও, ইউক্রেইন আর তার অংশীদাররা তা আটকে দিতে পারতো।
জেলেনস্কি এর আগেও একবার হোয়াইট হাউজে গিয়েছিলেন, এ বছরের ২৮ ফেব্রুয়ারি। কিন্তু সেবার তিনি পড়ে গিয়েছিলেন ট্রাম্পের ‘আচমকা আক্রমণের’ মুখে। এবার যেন তেমন কিছু না হয় তাই ইউক্রেইনের প্রেসিডেন্টের সফরসঙ্গী হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতা।
গার্ডনার মনে করেন, এই বৈঠকে ইউরোপের নেতাদের যাওয়ার কারণ হতে পারে ট্রাম্পকে দুটো বিষয়ে রাজি করানো।
প্রথমত, ইউক্রেইনের সরাসরি অংশগ্রহণ ছাড়া ইউক্রেইন বিষয়ক কোনো শান্তি চুক্তি যেন না হয় তা নিশ্চিত করা। আর দ্বিতীয়টি হচ্ছে, শান্তি চুক্তি হলেও তার সঙ্গে ইউক্রেইনের জন্য ‘দৃঢ় ও অটুট’ নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে।
“সবমিলিয়ে ইউরোপের নেতারা চান মার্কিন প্রেসিডেন্ট দেখুক ইউরোপ ও ইউক্রেইন এ বিষয়ে একসঙ্গে আছে, এবং তারা এটাও নিশ্চিত করতে চান যে ট্রাম্প যেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কারণে রাশিয়ার দাবির কাছে হার না মানেন,” বলেছেন গার্ডনার।
এ বৈঠক স্টারমারের কূটনৈতিক দক্ষতারও পরীক্ষা নেবে।
ট্রাম্প স্টারমারকে পছন্দ করেন এবং তার কথা শোনেন, অল্প কয়েক সপ্তাহের মধ্যে তার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাওয়ারও কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের পছন্দের তালিকায় নেটো মহাসচিব মার্ক রুটে’ও আছেন। ট্রাম্পকে প্রভাবিত করার ‘বিরল ক্ষমতা’ তার আছে বলেও অনেকে মনে করেন। সোমবার হোয়াইট হাউজের বৈঠকে তারও থাকার কথা।
জেলেনস্কির যে ‘বন্ধুরা’ তার সফরসঙ্গী হচ্ছেন তার মধ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নিয়েই ট্রাম্প খানিকটা ‘নাখোশ’। এর পেছনে কারণ, ম্যাক্রোঁ সেপ্টেম্বরে জাতিসংঘের পরবর্তী সাধারণ পরিষদের সভাতেই নিঃশর্তে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছেন। প্যারিসের এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে ওয়াশিংটন।
আরেকটা বিষয়ও মাথায় রাখা দরকার। সেটি হল, কোনো কার্যকর শান্তিচুক্তির ক্ষেত্রে ইউক্রেইনকে তো কিছু ছাড়ও দিতে হবে।
ইউরোপের নেতারা বারবার বলেছেন, জোর করে আন্তর্জাতিক সীমানার বদল হতে পারে না।
ইউক্রেইন তার ভূমির কোনো অংশ ছাড়বে না বলে প্রেসিডেন্ট জেলেনস্কিও নিয়মিত বলে আসছেন, তাদের সংবিধানেও এ সুযোগ নেই।
তবে পুতিন যে কোনো আলোচনা শুরুর আগেই দনবাস চাইছেন। লুহানস্ক আর দোনেৎস্ক মিলিয়ে ইউক্রেইনের এই শিল্পাঞ্চলটির প্রায় ৮৫ শতাংশের দখল এখনই তার বাহিনীর হাতে। ক্রাইমিয়া ফিরিয়ে দেওয়ার কোনো ইচ্ছাও তার নেই।
আলাস্কা বৈঠকের পর ট্রাম্প যে পুতিনের প্রস্তাব ‘প্রায় গিলে বসেছেন’ তার অনেক ধরনের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। হোয়াইট হাউজে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগেই তিনি বলে বসেছেন, ক্রাইমিয়া ইউক্রেইন আর পাচ্ছে না, কিইভের নেটোতে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই।
তবে যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে নেটোধাঁচের একটি শক্তিশালী ‘নিরাপত্তা নিশ্চয়তা’ দিতে প্রস্তুত। রাশিয়াও এই আলাপে আগ্রহী।
“এস্তোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং এখন ইউরোপের শীর্ষ কূটনীতিক কায়া কালাস একবার আমাকে বলেছিলেন, দখল হারানো ভূমি পুনর্দখল করতে পারলেই ইউক্রেইন জিতেছে বলে মনে করা হবে, এমনটা নয়।
“ইউক্রেইন যদি নেটোর আর্টিকেল-ফাইভ জাতীয় কোনো নিরাপত্তা নিশ্চয়তা পায়, যা ভবিষ্যতে রাশিয়ার যে কোনো আক্রমণ প্রতিহতে যথেষ্ট বলে গণ্য হয় এবং তার মাধ্যমে তারা যদি স্বাধীন ও সার্বভৌম স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে, তাহলেও এটা একধরনের জয়,” বলেছেন বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি গার্ডনার।
আরও পড়ুন
