ইউক্রেইন যুদ্ধ অবসানে পুতিনের প্রস্তাব নিয়ে যা জানা গেছে
নিজেদের দখলকৃত ভূখণ্ডের পাশাপাশি দনবাস অঞ্চলে ইউক্রেইনের নিয়ন্ত্রণে থাকা ৬৬০০ বর্গ কিলোমিটার এলাকার পুরোটাই রাশিয়া দাবি করেছে।
ইউক্রেইনের অধিকৃত ছোট ছোট এলাকাগুলো রাশিয়া ছেড়ে দেবে আর কিইভকে তার পূর্বাঞ্চলীয় ভূমির একাংশ ছেড়ে দিতে হবে যেগুলো মস্কো দখল করে নিতে পারেনি, আলাস্কায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে শান্তি প্রস্তাবের অধীনে এমনটিই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুতিন ও ট্রাম্পের মধ্যে হওয়া আলোচনার বিষয়গুলো স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানিয়েছেন, মূলত ইউরোপী, মার্কিন ও ইউক্রেইনীয় নেতাদের মধ্যে হওয়া আলোচনার ভিত্তিতে তারা পুতিনের প্রস্তাবগুলোর বিষয়ে জেনেছেন, কিন্তু এগুলো পূর্ণাঙ্গ না বলে উল্লেখ করেছেন তারা।
রয়টার্স জানিয়েছে, শনিবার সকালে ট্রাম্প জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের তার শীর্ষ বৈঠকের বিষয়ে ব্রিফ করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন তার দেওয়া প্রস্তাবে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতি বাতিল করে দিয়েছেন। এর মাধ্যমে জেলেনস্কির একটি প্রধান দাবি আটকে দিয়েছেন তিনি।
ওই কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় খেরসন ও জাপোরিজজিয়ার যুদ্ধক্ষেত্রে রাশিয়া যেখানে আছে সেখানেই থামার প্রতিশ্রুতি দেবে, বিনিময়ে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে কিইভকে তার বাহিনী পুরোপুরি প্রত্যাহার করতে হবে।
আর ইউক্রেইনের উত্তরাঞ্চলীয় সুমি ও উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভে তুলনামূলক ছোট ছোট যে এলাকাগুলো রুশ বাহিনী অধিকার করে আছে রাশিয়া সেগুলো ফিরিয়ে দেবে।
রাশিয়া সুমি ও খারকিভ অঞ্চলে ছোট ছোট যে এলাকাগুলো দখল করে রেখেছে যেগুলোর মোট আয়তন প্রায় ৪৪০ বর্গকিলোমিটারের মতো। আর ইউক্রেইন দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে (যা একত্রে দনবাস নামে পরিচিত) ৬৬০০ বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ এখনও ধরে রেখেছে যার পুরোটাই রাশিয়া দাবি করেছে।
ওই কর্মকর্তারা জানিয়েছেন, তারা জেনেছেন রাশিয়ার নেতা ক্রাইমিয়ার উপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতিও চেয়েছেন যা মস্কো ইউক্রেইনের কাছ থেকে ২০১৪ সালে দখল করে নিয়েছিল। তবে আমেরিকানরা এ বিষয়টি স্পষ্ট করে বলেননি বলে জানিয়েছেন তারা।
তারা আরও জানান, পুতিন রাশিয়ার ওপর আরোপিত অন্তত কিছু নিষেধাজ্ঞা থেকে অব্যাহতিও চেয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরেোপীয় নিষেধাজ্ঞাও এর অন্তর্ভুক্ত কি না, তা জানাননি তারা।
ওই কর্মকর্তারা জানান, ইউক্রেইনকে নেটো সামরিক জোটে যোগ দেওয়া থেকেও নিষিদ্ধ করতে হবে। তবে ইউক্রেইনকে এক ধরনের নিরাপত্তা গ্যারান্টি দিতে পুতিন প্রস্তুত থাকবেন বলে ধারণা পাওয়া গেছে।
তারা জানান, ইউক্রেইনের কিছু অংশে অথবা পুরো দেশজুড়ে রুশ ভাষাকে সরকারি ভাষা করার এবং রুশ অর্থোডক্স গির্জাকে স্বাধীনভাবে কাজ করেতে দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া।
তবে পুতিনের এসব প্রস্তাব আলোচনা শুরু করার জন্য নেওয়া কোনো কৌশলগত পদক্ষেপ, না কি চূড়ান্ত প্রস্তাব, যা নিয়ে আর কোনো আলোচনা হবে না- তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের আলাস্কায় এক মার্কিন বিমান ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন বৈঠক করার একদিন পর শনিবার এসব বর্ণনা সামনে এসেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ওই বিমান ঘাঁটিতেই প্রথমবারের মতো এই দুই বিশ্ব নেতার মুখোমুখি বৈঠক হয়।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সোমবার ওয়াশিংটনে যাওয়ার কথা রয়েছে। ট্রাম্প ও জেলেনস্কি হোয়াইট হাউজের বৈঠকে ইউক্রেইনের পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাব্য নিষ্পত্তি নিয়ে আলোচনা করবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের মধ্যে দিয়ে এই যুদ্ধের সূচনা হয়েছিল।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি ও পুতিন ভূমি হস্তান্তর ও ইউক্রেইনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা করেছেন এবং ‘অনেকাংশে একমত হয়েছেন’।
“আমার মনে হয়, আমরা একটি চুক্তির খুব কাছে আছি,” বলেছেন ট্রাম্প; সঙ্গে যোগ করেছেন, “ইউক্রেইনকে এতে সম্মত হতে হবে। হয়তো তারা বলবে, ‘না’।”
জেলেনস্কিকে তিনি কী পরার্শ দেবেন, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “একটা চুক্তি করতে হবে। দেখেন, রাশিয়া অনেক বড় একটি শক্তি আর তারা তা নয়।”
আরও পড়ুন:
