Published : 17 Aug 2025, 10:04 PM
সাড়ে তিনবছরের যুদ্ধ বন্ধে যে কোনও শান্তি চুক্তির অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদেরকে ইউক্রেইনের জন্য নেটোর আর্টিকেল-৫ ধাঁচের সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা করতে দিতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রোববার একথা জানিয়েছেন। তিনি জানান, আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠককালে পুতিন ইউক্রেইনের জন্য এই ‘জোরাল নিরাপত্তার নিশ্চয়তা’ দিতে রাজি হন। পুতিনের এই সম্মতিকে যুগান্তকরী বলে বর্ণনা করেছেন উইটকফ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ প্রোগ্রামে উইটকফ বলেন, “আমরা যে ছাড় পেয়েছি তা হল: যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে আর্টিকেল-৫ এর মতো সুরক্ষা দিতে পারবে, যে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার জন্য ইউক্রেইন পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্খা পোষণ করে এসেছে। আমরা এই প্রথম রাশিয়ানদেরকে এমন কিছুতে রাজি থাকতে শুনলাম।”
নেটোর আর্টিকেল-৫ হল এর সদস্যদেশগুলোর একটি সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা। এর আওতায় জোটের কোনও একটি সদস্য দেশের উপর সশস্ত্র হামলা হলে, তা সব সদস্য দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং তারা সবাই একযোগে তা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
নেটো জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর মধ্যে এটি একটি। পুতিন বরাবরই নেটো জোটে ইউক্রেইনের সদস্যপদের ঘোর বিরোধিতা করে এসেছেন। উইটকফ বলেছেন, ইউক্রেইন চাইলে নেটো-ধাঁচের সুরক্ষা একটি বিকল্প ব্যবস্থা হতে পারে।
এই ধরনের সুরক্ষা চুক্তি কীভাবে কাজে আসবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি উইটকফ। তবে এটি পুতিনের অবস্থানের একটি বড় পরিবর্তন বলেই মনে করা হচ্ছে এবং তা ইউক্রেইনের নেটো সদস্যপদের বিষয়ে পুতিনের দীর্ঘদিনের আপত্তির সমাধান বয়ে আনতে পারে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে এক সাংবাদ সম্মেলনে যে কোনও শান্তি চুক্তির অংশ হিসাবে তাদের নিরাপত্তা বাস্তবিকই কার্যকর হওয়া প্রয়োজন বলে জানিয়েছিলেন। এরপরই উইটকফ জানালেন, ইউক্রেইনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি হয়েছেন পুতিন।