২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

৭৫ বছর পর ভারত থেকে পাকিস্তানের জন্মভিটায় ফিরলেন বৃদ্ধা

১৯৪৭ সালে দেশভাগের পর এই প্রথম ভারত থেকে পাকিস্তানে নিজের জন্মভিটায় ফিরেছেন ৯০ বছরের রিনা বর্মা।

৭৫ বছর পর ভারত থেকে পাকিস্তানের জন্মভিটায় ফিরলেন বৃদ্ধা

ছবি: ইউটিউব ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 10:05 PM

Updated : 22 Jul 2022, 10:05 PM

নাম তার রিনা বর্মা। ১৯৪৭ সালে দেশভাগের পর এই প্রথম ভারত থেকে পাকিস্তানে নিজের জন্মভিটায় ফিরেছেন তিনি। মাঝখানে কেটে গেছে ৭৫ টি বছর। এক সময়কার ১৫ বছরের কিশোরী রিনা এখন ৯০ বছরের বৃদ্ধা।

এতগুলো বছর দেশভাগের যন্ত্রণা সয়েছেন রিনা। ভুলতে পারেননি পূর্বপুরুষের ভিটার কথা। মৃত্যুর আগে জন্মভূমিতে পা রাখার স্বপ্ন ছিল তার। অবশেষে সে স্বপ্ন পূরণ হয়েছে। পাকিস্তানে রাওয়ালপিন্ডি শহরের আদি ভিটায় ফিরে গেছেন তিনি।

পশ্চিম ভারতীয় শহর পুনে থেকে পাকিস্তানে যান বর্মা। কলেজ রোড দিয়ে তিনি যখন বাড়ির দিকে হাঁটছিলেন তখন তার উপর ফুলের পাপড়ি ছিটিয়ে সবাই তাকে বরণ করে নেয়। সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে তাকে স্বাগত জানানো হয়।

১৯৪৭ সালে দেশভাগের কয়েক সপ্তাহ আগে রিনার পরিবার এই রাওয়ালপিন্ডি ছেড়ে গিয়েছিল। দেশভাগ ঘিরে বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রক্তক্ষয়ী দাঙ্গা ছড়িয়ে পড়ে। সে সময় লাখো মানুষ জন্মভিটা ছেড়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গিয়েছিল।

বিবিসি জানায়, শৈশবের বাড়ির কথা ভুলতে না পেরে রিনা ২০২১ সালে এক সাক্ষাৎকারে পাকিস্তানের আদি ভিটায় ফিরে যাওয়ার আকুতি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার এ সাক্ষাৎকার অনেকের মনকেই নাড়িয়ে দিয়েছিল।

এরপর ভারত-পাকিস্তান হেরিটেজ ক্লাব নামের এক ফেইসবুক গ্রুপের কর্মীরা রাওয়ালপিন্ডিতে রিনার পৈতৃক বাড়ি খুঁজতে শুরু করে। শেষে এক নারী সাংবাদিক বাড়িটি খুঁজে পেয়েও যান। কিন্তু কোভিড মহামারীর কারণে এতদিন রিনা সেখানে ফিরতে পারছিলেন না।

পাকিস্তানে যাওয়ার জন্য এবছর মার্চে ভিসার আবেদন করেন তিনি। কিন্তু কোনও কারণ উল্লেখ না করেই তার ভিসার আবেদন বাতিল করা হয়। এতে রিনার মন ভেঙে যায়।

Image

ছবি: বিবিসি

দেশভাগের পর ভারত-পাকিস্তান কয়েকবার যুদ্ধে জড়িয়েছে। দেশ দুটির সম্পর্কে বৈরি হওয়ার কারণে উভয় দেশের মানুষ চাইলেই সীমান্ত পার হতে পারে না।

ভিসা আবেদন নাকচ হওয়ার প্রতিক্রিয়ায় রিনা বলেন, “আমি ভেঙে পড়েছিলাম। আমি কখনও ভাবিনি, মৃত্যুর আগে কেবল নিজের বাড়ি দেখতে চাওয়া ৯০ বছর বয়সী এক বৃদ্ধার ভিসা আবেদন নাকচ হতে পারে। এটি আমার জন্য অচিন্তনীয় ব্যাপার ছিল। কিন্তু এমনই ঘটেছে।”

Image

ছবি: ইউটিউব ভিডিও

পরে আবার ভিসার জন্য আবেদন করার সিদ্ধান্ত নেন রিনা। তবে আবেদন করার আগেই তার কাহিনী নজরে আসে পাকিস্তানের এক মন্ত্রীর। সেই মন্ত্রী দ্রুত রিনার ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে দিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনকে নির্দেশ দেন।

কয়েক দিনের মধ্যেই রিনা পাকিস্তানের ভিসা পেয়ে যান। এরপর নতুন সমস্যায় পড়েন রিনা। তখন প্রচণ্ড গরম শুরু হয়। তাছাড়া, সম্প্রতি সন্তান হারানোর ফলে তাকে একাই পাকিস্তানে যাওয়ার কথা ভাবতে হচ্ছিল। এ অবস্থায় তাকে আরও কয়েক মাস অপেক্ষা করতে বলা হয়।

এই অপেক্ষা রিনার জন্য ছিল দুঃসহ। কিন্তু তিনি গরমে অসুস্থ হয়ে পড়ার ঝুকি নিতে চাননি। তাই অপেক্ষা করারই সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত গত ১৬ জুলাই পাকিস্তানে পৌঁছান রিনা। আর ২০ জুলাই তিনি রাওয়ালপিন্ডির বাড়িতে যান। উচ্ছ্বসিত রিনার চোখ তখন আনন্দে জ্বলজ্বল করছিল। একইসঙ্গে তার বেদনার অনুভূতিও হচ্ছিল।

আনন্দের সঙ্গে বেদনার এই মিশ্র অনুভূতির ব্যাখ্যায় রিনা বলেন, “আমি আমার পরিবারের সঙ্গে এই মুহূর্ত ভাগাভাগি করতে চেয়েছিলাম। কিন্তু তারা সবাই চলে গেছেন। আমি এখানে আসতে পেরে খুশি। তবে আজ আমি এখানে বড় একা বোধ করছি।”