২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বস্তিতে পুলিশের অভিযানে নিহত অন্তত ১৮

৪০০ পুলিশের পাশাপাশি অভিযানে ১০টি বুলেটপ্রুফ যান ও চারটি হেলিকপ্টারও অংশ নেয়।

ব্রাজিলে বস্তিতে পুলিশের অভিযানে নিহত অন্তত ১৮

ব্রাজিলের আলেমাও বস্তিতে পুলিশের অভিযান। ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 12:33 PM

Updated : 22 Jul 2022, 02:57 PM

রিও দে জেনেইরোর একটি বস্তিতে অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের পুলিশ।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের আগে ৪০০ সশস্ত্র সামরিক পুলিশ শহরের অন্যতম সহিংস আলেমাও বস্তির নিয়ন্ত্রণকারী গ্যাংয়ের বিরদ্ধে অভিযানে নামে।

নিহতদের মধ্যে ১৬ জনই সন্দেহভাজন অপরাধী; এর বাইরে এক পুলিশ কর্মকর্তা এবং এক পথচারীও আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার সারাদিন ধরে চলা এই অভিযানের সময় বস্তিটির বিভিন্ন ঘরে হাজারেরও বেশি মানুষ আটকা পড়ে ছিলেন।

পুলিশ বলছে, তাদের অভিযানের লক্ষ্য ছিল অপরাধীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তার করা। এই অপরাধীরা অন্যান্য বস্তির নিয়ন্ত্রণ রাখা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছিল।

আলেমাও বস্তির নিয়ন্ত্রণকারী অপরাধী গোষ্ঠীটির অনেক সদস্য সামরিক পুলিশের উর্দি পরে থাকায় তাদের শনাক্তে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের বেগ পেতে হয় বলে স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে।

অভিযানে ৪০০ পুলিশ সদস্যের পাশাপাশি ১০টি বুলেটপ্রুফ যান ও চারটি হেলিকপ্টারও অংশ নিয়েছে।

স্থানীয়দেরকেই গাড়িতে করে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। সেসময় পুলিশ কোনো ধরনের সহায়তা করেনি বলে অভিযোগ করেছেন আনাক্রিম মানবাধিকার কমিশনের গিলবার্তো সান্তিয়াগো লোপেজ।

“পুলিশের লক্ষ্য ছিল না তাদের গ্রেপ্তার করা, তাদের লক্ষ্যই ছিল মেরে ফেলা। যে কারণে আহতদের কোনো সাহায্য দরকার নেই বলেই ভেবেছিল তারা,” বলেছেন তিনি।

ব্রাজিলের রিও দে জেনেইরোর ঘিঞ্জি বস্তিগুলোতে প্রাণঘাতী সহিংসতা নতুন নয়; দেশটির পুলিশ প্রায়ই এ বস্তিগুলোতে মাদকপাচারকারীদের ধরতে অভিযানে যায়।

তবে মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য, পুলিশের এ ধরনের অভিযানে অপরাধী চক্রগুলোর কোনো ক্ষতিই হয় না, উল্টো বস্তিগুলোতে থাকা স্বল্প আয়ের বিপুল সংখ্যক মানুষের জীবন বিপন্ন হয়।

মে-তে ভিলা ক্রুজেইরো বস্তিতে এমনই এক অভিযানে এক নারী পথচারীসহ ২২ জনের মৃত্যু হয়েছিল।