২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে কোভিডে মৃত্যুহার রেকর্ড পর্যায়ে

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ১৬ জুলাই পর্যন্ত সাত দিনেই কোভিডে মৃত্যু হয়েছে ১৫১ জনের।

নিউজিল্যান্ডে কোভিডে মৃত্যুহার রেকর্ড পর্যায়ে

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 22 Jul 2022, 07:00 PM

Updated : 22 Jul 2022, 07:00 PM

কোভিড-১৯ এর ওমিক্রন ধরনের নতুন ঢেউ মোকাবেলায় লড়ে যাওয়া নিউজিল্যান্ডে মৃত্যুহার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। দেশটির বয়স্করা ওমিক্রনে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ১৬ জুলাই পর্যন্ত সাত দিনেই কোভিডে মৃত্যু হয়েছে ১৫১ জনের। যেখানে এর আগে গত মার্চে কোভিড সংক্রমণ সবচেয়ে খারাপ পর্যায়ে থাকার সময় মৃত্যু হয়েছিল মাত্র ১১৫ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডে ২৬ জনের মৃত্যু হয়েছে। সবার বয়সই ৬০ এর ওপরে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

কোভিডের ওমিক্রন বিএ.৫ উপধরনই নিউজিল্যান্ডে বর্তমান সংক্রমণের ঢেউ সৃষ্টি করেছে। গত ৭ দিনে দেশটিতে এই উপধরনে আক্রান্ত হয়েছে ৬৪,৭৮০ জন। যদিও কর্তৃপক্ষ বলছে,আরও অনেকেই আছেন যাদের কোভিড সংক্রমণ এখনও ধরা পড়েনি।

কোভিড ঠেকাতে একসময় বিশ্বের মডেল হয়ে উঠেছিল নিউ জিল্যান্ড। ত্বরিৎ ব্যবস্থা নিয়ে এবং বিশ্ব থেকে একরকম বিচ্ছিন্ন থাকার মধ্য দিয়ে গত বছরের শেষ নাগাদ কোভিড সংক্রমণ থেকে অনেকটাই মুক্ত ছিল দেশটি।

কিন্তু বেশিরভাগ মানুষই কোভিড টিকা নিয়ে ফেলায় এবছর জিরো-কোভিড নীতি থেকে সরে আসে নিউজিল্যান্ড। আর এরপর থেকেই দেশটিতে আবার কোভিডের বিস্তার শুরু হয়েছে।

জরুরি বিভাগ, সাধারণ চিকিৎসা ব্যবস্থা এবং মেডিকেল সেন্টারগুলোতে রোগীর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে দেখা গেছে, মার্চে কোভিড সংক্রমণ তুঙ্গে থাকার সময়ের তুলনায় এখন মানুষের হাসপাতালে ভর্তির সংখ্যা কম।

তারপরও সংক্রমণের নতুন ঢেউ মোকাবেলায় দেশটি আবারও সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা বাধ্যতামূলক করা এবং জমায়েত নিষিদ্ধের মতো বেশকিছু কঠোর নিয়মবিধি আরোপ করছে।