ইউক্রেইনে রাশিয়ার শক্তি ফুরিয়ে আসছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান
আগামী কয়েক সপ্তাহে হয়ত রুশ সেনাবাহিনী তাদের অভিযানে কোনও না কোনও ধরনের বিরতিতে যাবে বলে মনে করছেন ব্রিটিশ গোয়েন্দা প্রধান।
ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার শক্তি, উদ্যম ফুরিয়ে আসছে এবং আগামী কয়েক সপ্তাহে হয়ত রুশ সেনাবাহিনী তাদের অভিযানে কোনও না কোনও ধরনের বিরতিতে যাবে বলে মনে করছেন ব্রিটিশ গোয়েন্দা প্রধান।
এমআইসিক্স নামে পরিচিত সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের (এসআইএস) প্রধান রিচার্ড মুর অনুমান করে বলেছেন, ইউক্রেইন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কলোরাডোর আস্পেন সিকিউরিটি ফোরামের ভাষণে তিনি বলেন, “আমি মনে করি তাদের উদ্যম ফুরিয়ে আসছে। আগামী কয়েক সপ্তাহে রাশিয়ার সেনাবাহিনী জনশক্তি এবং যুদ্ধের উপকরণ সরবরাহে কঠিন থেকে কঠিনতর সময় পার করবে।”
“তাদেরকে কোনও না কোনওভাবে কিছু সময়ের জন্য থামতে হবে। আর সেই সময়টাতেই ইউক্রেইন পাল্টা হামলা করার জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পেয়ে যাবে।”
রাশিয়ার আগ্রাসন শুরুর প্রায় পাঁচ মাস পরে ইউক্রেইন আশা করছে যে, আগামী কয়েক সপ্তাহে তারা পশ্চিমা অস্ত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার এইচআইএমএআরএস ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করে রাশিয়া অধিকৃত অঞ্চলগুলো পুনরায় দখলে নিতে পারবে। যুক্তরাষ্ট্রের ওই ক্ষেপণাস্ত্রগুলো সম্প্রতি কয়েক সপ্তাহ হল মোতায়েন করেছে কিইভ।
তাছাড়া, রিচার্ড মুর বলছেন, ইউক্রেইনীয় সেনাদের মনোবল রক্ষা করা এবং পশ্চিমা বিশ্বের সংকল্পকে দৃঢ় করতে যুদ্ধ জয়ের পথে থাকার বিষয়টি ইউক্রেইনের জাহির করার প্রয়োজনীয়তাও আছে।
তিনি বলেন, “আমি মনে করি ইউক্রেইনীয়দের নিজেদের কাছেই তাদের পাল্টা আঘাত করার ক্ষমতা দেখানোটা গুরুত্বপূর্ণ। তাদের মনোবল অটুট রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ।”
আর ইউরোপের বাকি অঞ্চলগুলোর জন্যও ইউক্রেইনীদেরকে জয়ের পথে থাকতে দেখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন মুর।
