উগ্রপন্থী সংস্থার তালিকায় মেটার নাম যোগ করলো রাশিয়া
মেটা ঘোষণা দিয়েছিল নিজস্ব প্ল্যাটফর্মে ‘রাশিয়ান আক্রমণকারীদের’ মৃত্যু কামনা করে–এমন বার্তা উল্লেখিত কনটেন্ট পোস্ট করার অনুমিত দেবে তারা।
সোশাল মিডিয়া জায়ান্ট মেটার মূল দুই প্ল্যাটফর্ম ফেইসবুক ও ইনস্টাগ্রামকে সন্ত্রাসবাদী ও উগ্রপন্থী সংস্থার তালিকাভূক্ত করেছে রাশিয়া।
‘রুশোফোবিয়া’ প্রচারের অভিযোগে রাশিয়া প্ল্যাটফর্ম দুটিকে নিষিদ্ধ করেছিল মার্চ মাসেই।
সর্বশেষ, ফেইসবুক ও ইনস্টাগ্রামের সন্ত্রাসবাদী এবং উগ্রপন্থী সংস্থার তালিকাভুক্তির খবর নিশ্চিত করেছে রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স।
এখন চাইলেই রাশিয়ার ভূখণ্ডে মেটার সকল লেনদেন আটকে দিতে পারবে স্থানীয় ব্যাংকগুলো।
রাশিয়া ইউক্রেইনে সামরিক আগ্রাসন শুরু করার পর মেটা ঘোষণা দিয়েছিল নিজস্ব প্ল্যাটফর্মে ‘রাশিয়ান আক্রমণকারীদের’ মৃত্যু কামনা করে–এমন বার্তা উল্লেখিত কনটেন্ট পোস্ট করার অনুমিত দেবে তারা। তবে অসামরিক জনগনের প্রতি হুমকি প্রদর্শন করে এমন কোনো পোস্টের জন্য অনুমতি মিলবে না।
তার পরপরই নিজ ভূখণ্ডে ফেইসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করেছিল রাশিয়া। মেটা নিষেধাজ্ঞার বিরোধীতা করে আদালতের শরণাপন্ন হলেও জুন মাসে নিষেধাজ্ঞা বহাল রেখে রায় দেয় মস্কোর আদালত।
তবে, মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওই নিষেধাজ্ঞার অধীনে নেই বলে জানিয়েছে বিবিসি।
সহিংস মনোভাব
রাশিয়া বিরোধী মনোভাব প্রচারের অভিযোগ অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্রের প্রথমসারির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড।
মার্চ মাসেই এক মেটা কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন, কোম্পানির নীতিমালায় অস্থায়ী কিছু পরিবর্তন আনছেন তারা।
‘ইউক্রেইনে চলমান আগ্রাসনের আলোকে’ ভুক্তভোগীদের ‘আক্রমণকারী সামরিক শক্তির প্রতি সহিংস মনোভাব’ প্রকাশের সুযোগ দেওয়ার জন্য নীতিমালায় অস্থায়ী পরিবর্তনগুলো আনার কথা বিবিসিকে জানিয়েছিলেন তিনি।
সর্বশেষ, সন্ত্রাসবাদী এবং উগ্রপন্থী সংস্থার তালিকাভুক্তি প্রসঙ্গে মেটার প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে বিবিসি।
অন্যদিকে ইন্টারফ্যাক্সের প্রতিবেদন বলছে, সন্ত্রাসবাদী এবং উগ্রপন্থী সংস্থার তালিকায় নাম আসা মানে হলো চাইলেই রাশিয়ায় মেটার সকল লেনদেন স্থগিত করতে পারবে স্থানীয় ব্যাংকগুলো।
বিবিসি বলেছে, পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠান আর রাশিয়ার মধ্যে সীমান্ত রেখা আঁকা হয়ে গেছে কয়েক মাস আগেই। আর রাশিয়ার বাজারে ফেইসবুক নকল করে তৈরি প্ল্যাটফর্ম ‘ভিকে’র উপস্থিতির কারণে নিষিদ্ধ হয়েও বড় কোনো ব্যবসায়িক সুযোগ হারাচ্ছে না কোম্পানিটি।
তবে, রাশিয়ায় এখনও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে ইনস্টাগ্রাম। আর দেশটিতে ভিপিএন সেবার বহুল প্রচলনের সুবাদে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও এতোদিন ইনস্টাগ্রামের ব্যবহার অব্যাহত রাখতে পেরেছেন দেশটির সাধারণ ব্যবহারকারীরা।
সন্ত্রাসবাদী সংস্থার তকমার কারণে সে পরিস্থিতি পাল্টে যেতে পারে বলে জানিয়েছে বিবিসি। ভিপিএনের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহার করলেও তা এখন ‘শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে বিবেচিত রাশিয়ার আইনে।
হোয়াটসঅ্যাপকেও একই তকমা দেওয়া হয়েছে কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
রাশিয়ার স্থানীয় বাজারে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এটি ব্যবহারের সুযোগ হারালে দেশটির নাগরিকদের অনেকে বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
রাশিয়ায় সন্ত্রাসবাদী ও উগ্রপন্থী সংস্থার ওই তালিকায় আরও আছে তালেবান এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর নাম। নিজ ভূখণ্ডে টুইটারের সেবাও সীমিত করে রেখেছে রাশিয়া।
ইউক্রেইনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক অঙ্গনে কার্যত একা হয়ে পড়েছে রাশিয়া। তার প্রতিক্রিয়ায় ভিন্ন মত প্রচারের সবগুলো পথের ওপর কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার।
কোন বিষয়ে কী ভাবে সংবাদ প্রতিবেদন তৈরি করা যাবে এবং প্রচার করা যাবে সে বিষয়েও নতুন আইন পাশ করেছে রাশিয়া সরকার। নতুন আইনে দীর্ঘ কারাদণ্ডের বিধানও রেখেছে পুতিন প্রশাসন।
মার্চ মাসে স্থানীয় মিডিয়া পর্যবেক্ষকদের হুশিয়ারির পরিপ্রেক্ষিতে নিজেদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাশিয়ার সীমিত সংখ্যক স্বাধীন সংবাদমাধ্যমের মধ্যে অন্যতম দৈনিক ‘নোভায়া গাজেটা’।
আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি আছে এমন সংবাদকর্মীদের নিজ ভূখণ্ডে সক্রিয় থাকার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
