২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মত বদল মাস্কের: ইউক্রেইনে স্টারলিংক ‘বিনা খরচেই’

ইউক্রেইনে আগ্রাসনের জেরে যে মাস্ক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, প্রশ্ন উঠেছিল, সেই তিনিই কি দল পাল্টে রাশিয়ার পক্ষে যাচ্ছেন?

মত বদল মাস্কের: ইউক্রেইনে স্টারলিংক ‘বিনা খরচেই’

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 06:53 PM

Updated : 16 Oct 2022, 06:53 PM

আবার সুর পাল্টেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক; ইউক্রেইনে স্পেসএক্সের স্টারলিংক সেবা বিনা খরচেই চালু রাখবেন বলে টুইট করেছেন বিশ্বে শীর্ষ ধনী।

স্পেসএক্স আর্থিক ক্ষতির মুখে পড়লেও ‘ফ্রি’-তে ইউক্রেইন সরকারকে সেবা দেওয়া অব্যাহত রাখার কথা বলেছেন মাস্ক।

“যা হওয়ার হবে … যদিও স্টারলিংক পয়সা খোয়াচ্ছে আর অন্য কোম্পানিগুলো পাচ্ছে করদাতাদের শতকোটি ডলার, আমরা ইউক্রেইন সরকারকে বিনা খরচে সমর্থন দিয়ে যাবো,” টুইট করেছেন মাস্ক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের শুক্রবারের এক প্রতিবেদনের জেরে নতুন করে সমালোচনার মুখে পড়েছিলেন মাস্ক। ওই প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ইউক্রেইনে বিদ্যমান স্টারলিংক টার্মিনালের খরচ বহন এবং আরও নতুন টার্মিনাল পাঠানোর সক্ষমতা নেই জানিয়ে পেন্টাগনকে সেই খরচ দিতে বলেছে স্পেসএক্স।

২০২২ সালের বাকি কয়েক মাসে স্টারলিংক সেবা চালু রাখার খরচ সাড়ে ১২ কোটি ডলার হতে পারে বলে পেন্টাগনকে জানিয়েছে স্পেসএক্স; আগামী ১২ মাসে খরচ হতে পারে ৩৮ কোটি ডলার।

প্রতিবেদন প্রকাশের পর মাস্ক টুইট করেছিলেন, স্পেসএক্স ইউক্রেইনে ‘অনির্দিষ্টকালের জন্য’ স্টারলিংক সেবা দিতে পারবে না। পরের আরেক টুইটে মাস্ক দাবি করেন, ইউক্রেইনে স্টারলিংক চালু ‍রাখতে প্রতি মাসে ২ কোটি ডলার করে খোয়াচ্ছে তার কোম্পানি।

ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে অক্টোবর মাসের শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়ে আসছেন মাস্ক। দুই পক্ষের মধ্যে শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে চার শর্ত দিয়ে টুইট করেছিলেন অক্টোবর মাসের শুরুতেই। মাস্কের ‘পরামর্শগুলো’ কার্যত রাশিয়ার পক্ষে দালালির চেহারা পাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

আরও পড়ুন

পুরনো খবর:

‘শান্তির ডাক’ দিয়ে টুইটারে নায়ক থেকে ভিলেন ইলন মাস্ক
ইউক্রেইনে স্টারলিংকের খরচ দিতে ‘নারাজ’ স্পেসএক্স

তার পরপরই অভিযোগ ওঠে, রাশিয়ার প্রেসিডেন্ট ভালাদিমির পুতিনের সঙ্গে গোপন যোগাযোগ রাখছেন মাস্ক।

‘ইউরেশিয়া গ্লোবাল’ এর প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক বিশ্লেষক আয়ান ব্রেমার সম্প্রতি বলেছেন, রাশিয়ার পক্ষ নিয়ে টুইট করার আগে প্রেসিডেন্ট ভ্লাতিমির পুতিনের সঙ্গে কথা বলেছিলেন মাস্ক।

সে আলাপাচারিতায় নাকি যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার নূন্যতম চাহিদা নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা হয়েছিল, আর মাস্ক নিজেই নাকি সে কথা ব্রেমারকে বলেছেন।

ঘটনা প্রবাহে প্রশ্ন উঠেছিল, ইউক্রেইনের অনাকাঙ্খিত আগ্রাসনের জেরে যে মাস্ক প্রেসিডেন্ট পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেই তিনিই কি দল পাল্টে রাশিয়ার পক্ষে যাচ্ছেন?

মাস্ক দাবি করছেন, ইউক্রেইনের সামরিক শক্তিকে সহযোগিতা করতে দেশটিতে ২৫ হাজার স্টারলিংক টার্মিনাল পাঠিয়েছে তার কোম্পানি। যুদ্ধ চলাকালীন ইউক্রেইনের সামরিক বাহিনী ও অসামরিক জনগন - উভয় পক্ষকেই অনলাইনে রাখতে বড় ভূমিকা রাখছে স্পেসএক্সের স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় থেমে থেমে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছেন ইাউক্রেইনের নাগরিকরা। কমছে না সাইবার হামলার শঙ্কাও।