২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইম সার্ভার বেচে মায়ের জন্য বাড়ি কিনবে ইউক্রেইনীয় স্কুলছাত্র

“যুদ্ধের ফলে তিনি নিজ বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হন। আর গৃহহীন হয়ে পড়ায় তাকে নতুন বাড়ি কিনে দিতে পারলে এই প্রকল্পের পেছনে আমার সময় কাটানো স্বার্থক হবে।”

গেইম সার্ভার বেচে মায়ের জন্য বাড়ি কিনবে ইউক্রেইনীয় স্কুলছাত্র

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 04:00 PM

Updated : 11 Jun 2023, 11:21 AM

অনেক-তরুণ তরুণী এখনও ‘সৌখিনভাবে’ মাইনক্রাফট গেইম খেলে থাকেন। তবে, গেইমটির প্রতি নিজের ভালোবাসাকে কাজে লাগিয়ে গৃহহীন মায়ের জন্য বাড়ি কেনার পর্যায়ে পৌঁছে গেছেন ইউক্রেইনীয় এক স্কুলছাত্র।

নিজের বেডরুম থেকে চালানো সার্ভার বিক্রির পর ‘বিশাল’ অর্থ উপার্জন করেছেন যুক্তরাজ্যের ‘লোমন্ড স্কুলের’ ছাত্র ম্যাকসিম গ্যাভরিলেঙ্কো। এর মাধ্যমে নিজ বন্ধুদের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি একসঙ্গে গেইম খেলার সুবিধা পান গোটা বিশ্বের গেইমাররা।

“নিজের পছন্দকে লাভজনক ব্যবসায় রূপান্তর করতে পারায় আমি খুবই গর্বিত। এর থেকে উপার্জিত অর্থ দিয়ে মাকে উপহার দিতে চাই।” --বলেন বোর্ডিং স্কুলটির ১৭ বছর বয়সী এই ছাত্র।

“যুদ্ধের ফলে তিনি নিজ বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হন। আর গৃহহীন হয়ে পড়ায় তাকে নতুন বাড়ি কিনে দিতে পারলে এই প্রকল্পের পেছনে আমার সময় কাটানো সার্থক হবে।”

ম্যাকসিমের মা এখন পর্তুগালে তার বন্ধুদের সঙ্গে থাকছেন। তবে, তিনি নিজ সন্তানের কাছাকাছি কোনো জায়গায় থাকতে চান বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।

ম্যাকসিমের পরিবারের বাকি সদস্যরা এখনও যুদ্ধ-বিদ্ধস্ত ইউক্রেইনে আছেন।

সারা জীবন ইউক্রেইনে কাটিয়ে দেওয়া তার দাদা-দাদী কিইভ ছাড়তে রাজি নন। আর ম্যাকসিমের বোনের সঙ্গী ইউক্রেইনের সামরিক বাহিনীতে যোগ দেওয়ায় তিনিও দেশে থেকে গেছেন।

মাকে বাড়ি কিনে দেওয়ার লক্ষ্যে নিজের তৈরি গেইমিং কোম্পানি বিক্রি করে পর্যাপ্ত অর্থ উপার্জন করা যাবে, সেটা কখনোই ভাবেননি ম্যাকসিম। স্রেফ মজা করতেই বন্ধুদের সঙ্গে প্রকল্পটি শুরু করেছিলেন এই কিশোর।

“একে একটি ব্যবসার রূপ নেবে সেটা কখনও চিন্তাও করিনি। তবে, নিজের ভাইয়ের দিকনির্দেশনা নিয়ে আমি একে আরও বড় কিছুতে পরিণত করার সম্ভাবনাগুলো খুঁজতে চেয়েছিলাম।” --বলেন ম্যাকসিম।

২০২১ সালে ইউক্রেইন থেকে স্কটল্যান্ডে পাড়ি জমানোর পর তার এই সাফল্য এলো। সে সময়, এক হাজার পাউন্ডে (এক হাজার দুইশ ৫৭ ডলার) একটি ‘কম ব্যবহৃত’ মাইনক্রাফট সার্ভার নেনেন তিনি। পরবর্তী বছরগুলোয় নিজের দুই বন্ধুকে নিয়ে সার্ভারে বেশ কিছু পরিবর্তন আনেন। ফলে, এর গেইমার সংখ্যায় বিশাল উত্থান দেখা যায়।

পাশাপাশি, বিজ্ঞাপনদাতারা সার্ভারটির প্রতি আকৃষ্ট হওয়ায় এর মূল্যমান আরও বেড়ে যায়।

লোমন্ড স্কুল বলেছে, সার্ভারে গেইমার বৃদ্ধি পাওয়ায় একটি প্রযুক্তি কোম্পানি তাদের ‘লোভনীয় এক প্রস্তাব’ দেয়, যা এই বছরের মে মাসে গৃহীত হয়েছে।

প্রথম ব্যবসায় সাফল্য দেখানোর পর নিজের জ্ঞানকে বিসস্তৃত করার লক্ষ্যে যুক্তরাজ্য’সহ বেশ বিদেশী বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন ম্যাক্সিম।

“আমি জানি না ভবিষ্যতে কী হবে। তবে, ইউক্রেইনে পার্ট-টাইম অনুবাদক ও লেখক হিসেবে কাজ করায় ব্যবসা নিয়ে আমার সবসময়ই আগ্রহ ছিল।” --বলেন স্কটল্যান্ডের উপকূলীয় শহর হেলেনসবরোর এই ছাত্র।

“গেইমিংয়ের প্রতি ভালবাসার পাশাপাশি আমি প্রকল্পের উদোক্তা হয়ে ওঠার বিষয়টিও উপভোগ করেছি। আর ব্যবসায়িক ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি আমি।”

ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহ প্রকাশ করেছেন ম্যাকসিম।

লোমন্ড স্কুলের প্রিন্সিপাল জোয়ানা আর্কহার্ট বলেন, ম্যাক্সিমের অর্জন ‘একেবারে অবিশ্বাস্য’।

“এটাই যে ম্যাকসিমের শেষ ব্যবসায়িক উদ্যোগ নয়, তাতে আমার কোনো সন্দেহ নেই।” --বলেন তিনি।