সামাজিক মাধ্যমে কিশোরদের বয়স শনাক্তকরণ চালু হচ্ছে আরকানসতে
কয়েকটি শিশু নিরাপত্তা ও অধিকারবিষয়ক গোষ্ঠী যুক্তি দেখিয়েছে, শিশু সুরক্ষায় বিশ্বাসযোগ্য প্রাইভেসি আইন তুলনামূলক কার্যকর উপায় হিসেবে কাজ করবে।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের বয়স শনাক্তে নতুন আইন পাস করেছে আরকানস।
‘সোশাল মিডিয়া সেইফটি অ্যাক্ট’ নামের নতুন এই আইনে স্বাক্ষর করেন অঙ্গরাজ্যের গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স। ফলে, সামাজিক কোম্পানিগুলোকে নিজ প্ল্যাটফর্মে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীর বয়স শনাক্তের পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের নতুন অ্যাকাউন্ট তৈরির আগে মা বাবার সম্মতি অর্জনের মতো শর্ত দেওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
সাম্প্রতিককালে একই ধরনের পদক্ষেপ চালু করা আরেক মার্কিন অঙ্গরাজ্য হলো ইউটা। আর বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম কীভাবে বয়স যাচাইয়ের প্রয়োজনীয়তা পূরণ করে নিজেদের সর্বকনিষ্ঠ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট পরিচালনা করে, সেটির ওপরও কঠোর নীতিমালা আরোপ করে এটি।
বিভিন্ন সামাজিক মাধ্যমের জন্য বয়স যাচাইকরণ ব্যবস্থা অন্যান্য বয়স ভিত্তিক বিধিনিষেধ কার্যকরে ক্রমবর্ধমান এক দাবির অংশ হিসেবে এইসব আইন চালু হয়েছে। দেশটির অন্তত তিনটি অঙ্গরাজ্যের এমন আইন কার্যকরের বিষয়টি বিবেচনায় রাখার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
এইসব আইন নিয়ে অবশ্য বিতর্কও রয়েছে। বিভিন্ন আইন প্রণেতা বেশ কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে কিশোরবয়সীদের সুরক্ষা ব্যবস্থা চালুর আহ্বান জানিয়ে এলেও প্রাইভেসি বিষয়ক আইনজীবী ও নাগরিক অধিকার ভিত্তিক দলগলো এই বয়স শনাক্তকরণ ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
কয়েকটি শিশু নিরাপত্তা ও অধিকারবিষয়ক গোষ্ঠী যুক্তি দেখিয়েছে, শিশু সুরক্ষায় বিশ্বাসযোগ্য প্রাইভেসি আইন তুলনামূলক কার্যকর উপায় হিসেবে কাজ করবে।
সেপ্টেম্বরে কার্যকর হতে যাওয়া নতুন এই আইনের অধীনে, কোম্পানিগুলোকে ব্যবহারকারীর ড্রাইভিং লাইসেন্সের মতো সরকারি পরিচয় বা ‘বাণিজ্যিকভাবে যুক্তিসঙ্গত বয়স যাচাই পদ্ধতির’ মাধ্যমে বয়স শনাক্ত করতে হবে।
সিএনএন বলছে, কোন কোম্পানিগুলোকে এই আইন মেনে চলতে বাধ্য করা হবে, সেটি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। নতুন আইনে বিভিন্ন শীর্ষ প্ল্যাটফর্মে সম্ভাব্য বেশ কিছু ছাড় দেওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
