২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেস্কটপে এআই: উইন্ডোজ কিবোর্ডে আসছে ‘কোপাইলট কি’

নতুন এই ‘কোপাইলট কি’ কিবোর্ডের ‘মেনু কি’ বা ‘অ্যাপলিকেশন কি’ কে প্রতিস্থাপন করবে, যা কয়েক দশক আগে উইন্ডোজ কি-এর পাশাপাশি চালু করা হয়েছিল।

ডেস্কটপে এআই: উইন্ডোজ কিবোর্ডে আসছে ‘কোপাইলট কি’

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 03:05 PM

Updated : 05 Jan 2024, 03:05 PM

২০২৪ সাল ‘এআই পিসির বছর’ হিসেবে দেখতে চায় মাইক্রোসফট। আর, সে লক্ষ্যে নতুন ল্যাপটপ ও পিসির কিবোর্ডে উল্লেখযোগ্য পরিবর্তন আনছে কোম্পানিটি।

এ বছর থেকেই একটি ‘কোপাইলট কি’ বিভিন্ন নতুন ল্যাপটপ ও পিসিতে জুড়ে দেবে মাইক্রোসফটের পার্টনার কোম্পানিগুলো। নতুন এই কি’র সাহায্যে মাত্র এক চাপেই মাইক্রোসফটের এআই চালিত উইন্ডোজ এলএলএম মডেল কোপাইলটে প্রবেশের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

তিন দশকে উইন্ডোজ পিসি কিবোর্ড নকশায় প্রথম বড় পরিবর্তন এই ‘কোপাইলট কি’।

“প্রায় ৩০ বছর আগে আমরা পিসি কিবোর্ডে উইন্ডোজ কি নিয়ে আসি যা উইন্ডোজের সঙ্গে সারা বিশ্বের মানুষের যোগাযোগের রাস্তা তৈরি করছে।” – বলেন মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কনজিউমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদি।  

“আমরা এটিকে উইন্ডোজের সঙ্গে আমাদের যাত্রার আরেকটি মাইলফলক মুহূর্ত হিসাবে দেখছি, যেখানে পিসিতে এআই জগতে প্রবেশের দরজা হবে কোপাইলট।"

নতুন এই ‘কোপাইলট কি’ কিবোর্ডের ‘মেনু কি’ বা ‘অ্যাপ্লিকেশন কি’র জায়গায় বসবে। কয়েক দশক আগে উইন্ডোজ কি-এর পাশাপাশি চালু করা হয়েছিল ‘অ্যাপ্লিকেশন কি’।

এটি বেশিরভাগ কিবোর্ডে ডান হাতের ‘অল্টার কি’ এর পাশে স্থাপন করা হবে। তবে, বিভিন্ন ‘ওইএম’ বা প্রস্তুতকারক ও বাজারভেদে এর অবস্থান পরিবর্তন হতে পারে বলে এক প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জ।

মাইক্রোসফট নিজেদের কিবোর্ডে ২০১৯ সালে একটি ‘অফিস কি’ যুক্ত করেছে, এটি ওই একই জায়গায় বসবে।

এই ‘কোপাইলট কি’ সহজভাবে উইন্ডোজ ‘কোপাইলট’ চালু করে, যেটা ‘উইন্ডোজ ১১’ এর মধ্যেই রয়েছে। ‘কোপাইলট’ চ্যাটজিপিটির মতো একটি চ্যাটবট যা প্রশ্নের উত্তর দিতে পারে এমকি উইন্ডোজের মধ্যে বিভিন্ন কাজ করতে পারে। তবে, যেসব দেশে এখনো কোপাইলট প্রকাশ পায়নি, সেখানে ‘কোপাইলট কি’ চাপ দিলে খুলে যাবে ‘উইন্ডোজ সার্চ’।

এরইমধ্যে কিবোর্ডে থাকা ‘উইন্ডোজ কি’, স্টার্ট মেনু চালু করতে বা উইন্ডোজের বিভিন্ন ফিচার ও ফাংশন চালাতে অন্যান্য ‘কি’ এর সমন্বয়ে ব্যবহার করা গেলেও ‘কোপাইলট কি’ আপাতত শুধু ‘লঞ্চ কি’ হিসেবে বা অ্যাপলিকেশন খোলার জন্যই ব্যবহার করা যাবে। ভবিষ্যতে মাইক্রোসফট এই নতুন ‘কি’ এর সাহায্যে অন্যান্য কাজ করার সুযোগ দেবে কি না, তা এখনও পরিষ্কার নয় বলে প্রতিবেদনে লিখেছে দ্য ভার্জ।

তবে, কোন কোন ‘ওইএম’ পার্টনার তাদের পিসিতে ‘কোপাইলট কি’ আনার প্রস্তুতি সে বিষয়ে কিছু জানায়নি মাইক্রোসফট। আগামী সপ্তাহে শুরু হচ্ছে ‘কনজিউমার ইলেক্ট্রনিকস শো’। সে আয়োজনের জন্যই কোম্পানিটি এ ঘোষণা তুলে রেখেছে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।

মেহেদি আরও বলেছেন, “আমরা আমাদের ইকোসিস্টেম পার্টনারদের কাছ থেকে উইন্ডোজ ১১ যুক্ত নতুন পিসিতে ‘কোপাইলট কি’ দেখতে শুরু করবো। এটি শুরু হবে আগামী মাস থেকে, চলবে গোটা বসন্তজুড়ে। এ ছাড়াও, ‘সারফেইসে’র আসন্ন ডিভাইসগুলোতে ‘কোপাইলট কি’ যুক্ত থাকবে।”

“এই নতুন বছরে আমরা আরও ব্যক্তিগত ও বুদ্ধিমান কম্পিউটিং ভবিষ্যতের  দিকে পরিবর্তনের শুরু করবো, যেখানে উইন্ডোজের সিস্টেম থেকে শুরু করে সিলিকন ও হার্ডওয়্যারেও নির্বিঘ্নে এআই যুক্ত থাকবে।” – বলেন মেহেদি।

“এটি ব্যবহারকারীদের কম্পিউটিং অভিজ্ঞতা সহজ করার পাশাপাশি আরও সুন্দর করবে, যা ২০২৪ সালকে করে তুলবে এআই পিসির বছর।”