কোডিং, প্রোগ্রামিং ছাড়াই অ্যাপ তৈরি করা যাবে মাইক্রোসফট কোপাইলটে
কোপাইলটের ফিচারটি সাধারণ ডেস্কটপ উইজেট থেকে শুরু করে ডেটা ম্যানেজ করার ড্যাশবোর্ড পর্যন্ত যে কোনো কিছু তৈরি করে দিতে পারবে।
অফিস অ্যাপের সরাসরি ইন্টিগ্রেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোডিং ও স্বয়ংক্রিয় কাজের জন্য নতুন ট্যাবভিত্তিক ইন্টারফেইস বা ফিচার নিয়ে আসছে মাইক্রোসফটের ডেডিকেটেড অ্যাপ কোপাইলট।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জোরপূর্বক এআই ও কোপাইলট ফিচার যোগ করার প্রবণতা থেকে কিছুটা সরে এসে নিজেদের ডেডিকেটেড কোপাইলট অ্যাপের আধুনিকায়নের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে।
এ বছরের শুরুতে ছোটখাটো রিফ্রেশের পর, কোপাইলট অ্যাপে এবার নতুন ট্যাবভিত্তিক ইন্টারফেইস ও অফিস অ্যাপগুলোর সরাসরি ইন্টিগ্রেশন যোগ হচ্ছে।
ভোক্তা ও ব্যবসা কোম্পানি উভয় শ্রেণির জন্যই কোপাইলটকে আরও বেশি কার্যকর করে তোলার মতো বড় পদক্ষেপেরই অংশ এটি।
ভোক্তাদের মধ্যে কোপাইলটের ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করতে কোম্পানিটি খুব জোরালো ভূমিকা রাখতে না পারলেও কর্পোরেট খাতের চিত্র সম্পূর্ণ আলাদা, যেখানে প্রতিনিয়ত ডেটা প্রসেস, রিপোর্ট তৈরি ও প্রেজেন্টেশন বানানোর কাজের প্রয়োজন হয়।
নতুন কোপাইলট অ্যাপটিতে ‘হোম’ ট্যাব থাকবে, যেখানে স্বাভাবিক এআই চ্যাট ও অন্যান্য দাপ্তরিক কাজ সম্পন্ন করা যাবে।
মাইক্রোসফট বলেছে, হোম ট্যাবটি এক সময় বুদ্ধিমত্তার সঙ্গে কোপাইলটের বিভিন্ন মোডের মধ্যে ব্যবহারকারীর বিভিন্ন অনুরোধকে নিখুঁতভাবে পরিচালনা করতে পারবে।
যেমন, সাধারণ কোনো প্রশ্ন হয়ত চ্যাট মোডের মধ্যেই সীমিত থাকতে পারে, অন্যদিকে কোনো জটিল প্রশ্ন কোপাইলট মোডকে সক্রিয় করতে পারে, যেখানে ব্যবহারকারী কোপাইলটের কাছে নির্দিষ্ট কাজ করতে পারবেন।
অন্যদিকে, ‘কোড’ ট্যাবের মাধ্যমে কোনো প্রোগ্রামিং সক্ষমতা ছাড়াই সাধারণ ভাষার অনুরোধের ভিত্তিতে ছোট ছোট কাজ তৈরি করা সম্ভব।
ব্লগ পোস্টে মাইক্রোসফটের ‘এআই অ্যাট ওয়ার্ক’ বিষয়ক চিফ মার্কেটিং অফিসার জ্যারেড স্পাটারো লিখেছেন, “একটি অ্যাপ, ট্র্যাকার, ড্যাশবোর্ড, অটোমেশন বা ওয়ার্কফ্লোর বর্ণনা স্বাভাবিক ভাষায় লিখে দিন, আর কোপাইলট নিজেই একটি পদ্ধতি বেছে নিয়ে তা তৈরি করে দেবে।”
কোপাইলটের ফিচারটি সাধারণ ডেস্কটপ উইজেট থেকে শুরু করে ডেটা ম্যানেজ করার ড্যাশবোর্ড পর্যন্ত যে কোনো কিছু তৈরি করে দিতে পারে।
নতুন ‘অটোপাইলট’ ট্যাবটি এআই এজেন্টের নানা সক্ষমতা উন্মুক্ত করে দেয়, যার মাধ্যমে ব্যবহারকারীর কোনো রকম ইনপুট ছাড়াই কোপাইলট স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন থ্রেডের উত্তর দিতে পারে বা নিয়মিত কাজগুলো পরিচালনা করতে পারে।
স্পাটারো লিখেছেন, “এটা সম্পূর্ণ সরবরাহকারী পর্যালোচনা প্রক্রিয়া সেটআপ ও পরিচালনার মতো কাজ করতে পারে, যেখানে শেডিউল ও ওয়ার্কব্যাক প্ল্যান তৈরি করা, এরপর নিজের মতো করে প্রস্তুতি, মিটিং ও ফলো-আপ সামলানো এবং আপডেট নেওয়ার জন্য পার্টনারদের সঙ্গে যোগাযোগ করা পর্যন্ত সব কাজ একা করতে পারে।”
