০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চুপচাপ এআই প্রযুক্তির পরীক্ষায় অ্যাপল

বর্তমানে বিভিন্ন পণ্যে সুক্ষ্মভাবে এআই প্রযুক্তি ব্যবহার করেছে অ্যাপল। তবে বিশ্লেষকরা বলছেন, এই নতুন প্রযুক্তিতে সমকক্ষ অন্যান্য কোম্পানির চেয়ে অ্যাপল পিছিয়ে আছে।

চুপচাপ এআই প্রযুক্তির পরীক্ষায় অ্যাপল

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 05:23 PM

Updated : 20 Jul 2023, 05:23 PM

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগল বার্ডের মত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

এ খবর প্রকাশিত হওয়ার পর অ্যাপলের শেয়ার দর রেকর্ড এক শতাংশে বেশি বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।

তাদের প্রতিবেদনে বলা হয়, আইফোন প্রস্তুতকারক অ্যাপল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরির উদ্দেশ্যে “অ্যাজাক্স” নামের একটি ফ্রেমওয়ার্ক ব্যবহার করছে। সেইসঙ্গে কোম্পানি এমন এক চ্যাটবট পরীক্ষা করে দেখছে, যেটাকে ‘অ্যাপল জিপিটি’ নামে ডাকছেন নির্মাণকারী প্রকৌশলীদের কেউ কেউ।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করে কোনো জবাব পায়নি তারা।

এআই নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আলোচনায় যায়নি অ্যাপল। এমনকি গত জুনে ডেভেলপার্স কনফারেন্সে এআই সম্পর্কিত বহুল ব্যবহৃত শব্দগুলো উচ্চারণেও বিরত থাকে তারা। সর্বাধুনিক এই প্রযুক্তিতে একের পর এক সাফল্য যোগ করছে গুগল ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টরা।

অ্যাপলের গোপন গবেষণার খবর সংবাদমাধ্যমে আসার পর মাইক্রোসফট ও এনভিডিয়ার শেয়ারের দাম এক শতাংশের চেয়ে বেশি কমেছে বলে জানিয়েছে রয়টার্স।

‘অ্যাপল ফটোজ’, ‘ডিভাইস টেক্সটিং’ এবং সম্প্রতি উন্মোচিত ‘মিক্সড রিয়ালিটি হেডসেট ভিশন প্রো’-এর মত কিছু পণ্যে সুক্ষ্মভাবে এআই প্রযুক্তি ব্যবহার করেছে অ্যাপল। তবে বিশ্লেষকরা বলছেন, অ্যাপলের এই নতুন প্রযুক্তি সমকক্ষ অন্যান্য কোম্পানির চেয়ে পিছিয়ে আছে।

অ্যাপলের বহুল পরিচিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’তেও গত কয়েক বছরে তেমন উন্নতি ঘটেনি।

অ্যাপলের সর্বাধুনিক এই এআই কার্যক্রমের নেতৃত্বে আছেন কোম্পানির মেশিন লার্নিং ও এআই প্রধান জন জিয়ান্ড্রে এবং সফটওয়্যার প্রকৌশল বিভাগের শীর্ষ কর্মকর্তা ক্রেইগ ফেডেরিগি।

অ্যাপলের নতুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোনো লেখার সারমর্ম বের করার পাশাপাশি প্রশিক্ষণে ব্যবহৃত ডেটার ওপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে পারে। সেইসঙ্গে ‘প্রডাক্ট প্রোটোটাইপিংয়ের’ মত অভ্যন্তরীণ কাজে ব্যবহৃত হচ্ছে প্রযুক্তিটি।

কর্মীদের বক্তব্য অনুযায়ী, এই প্রযুক্তি অনেকটা বার্ড, চ্যাটজিপিটি ও বিং এআইয়ের মত ওয়েব অ্যাপ্লিকেশন হিসাবে কাজ করে।

ব্লুমবার্গ বলছে, নির্মাণাধীন এই প্রযুক্তি নিয়ে এখনও গুগলের কোনো নিরেট পরিকল্পনা না থাকলেও আগামী বছর বড় ধরনের ঘোষণার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে অ্যাপল।