২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরেছে ‘টুইটার ব্লু’, খরচ বেড়েছে অ্যাপল ডিভাইসে

তুলনামূলক কম বিজ্ঞাপন দেখবেন ‘ব্লু’ সেবার গ্রাহকরা; অন্যদের ওপরে থাকবে তাদের টুইট, তুলনামূলক দীর্ঘ ও ভালো মানের ভিডিও পোস্ট করার সুবিধাও পাবেন তারা।

ফিরেছে ‘টুইটার ব্লু’, খরচ বেড়েছে অ্যাপল ডিভাইসে

নিউ ইয়র্কে টুইটার অফিস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 05:09 PM

Updated : 12 Dec 2022, 05:09 PM

গাঁটের পয়সা খরচ করে নামের পাশে নীল টিক চিহ্ন বসানোর সেবা ‘টুইটার ব্লু’ আবার চালু করেছে টুইটার কর্তৃপক্ষ।

অনলাইন প্রতারকরা ‘ব্লু’ সেবার সুযোগে বহুল পরিচিতি ব্যবসা প্রতিষ্ঠান আর জনপ্রিয় ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খোলা শুরু করায় গত মাসে সেবাটি বন্ধ করে দিয়েছিল টুইটার। 

বিবিসি জানিয়েছে, টুইটার ব্লু সেবায় নামের পাশে নীল টিক চিহ্ন পেতে এখনও প্রতি মাসে ৮ ডলার করে খরচ করতে হবে ব্যবহারকারীদের। তবে, অ্যাপল ডিভাইসের টুইটার অ্যাপ থেকে এ সেবা পেতে খরচ করতে হবে ১১ ডলার।

অ্যাপের অভ্যন্তরীণ লেনদেন থেকে অ্যাপল ৩০ শতাংশ ফি কেটে রাখে বলে কদিন আগেই আইফোন নির্মাতার সমালোচনায় মুখর হয়েছিলেন ইলন মাস্ক। তার ৭২ ঘণ্টার মধ্যে অ্যাপল প্রধান টিম কুকের সঙ্গে ‘সমঝোতার’ ঘোষণা দিয়ে আবারও নাটকীয়তার জন্ম দেনন চিফ টুইট।

সমঝোতার ঘোষণার পর অ্যাপলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেননি তিনি।

টুইট এডিট করার সুযোগ রয়েছে টুইটার ব্লু সেবায়। ব্যবহারকারীরা টুইটারে ফিচারটি আনার অনুরোধ জানিয়ে আসছিলেন দীর্ঘ দিন ধরে। তবে ফিচারটি ভুয়া তথ্যের প্রচারে ব্যবহৃত হতে পারে বলেও শঙ্কিত সংশ্লিষ্ট অনেকে।

টুইটার বলছে, তুলনামূলক কম বিজ্ঞাপন দেখবেন ‘ব্লু’ সেবার গ্রাহকরা; অন্যদের ওপরে থাকবে তাদের টুইট, তুলনামূলক দীর্ঘ ও ভালো মানের ভিডিও পোস্ট করার সুবিধাও তারা পাবেন।

মাস্কের অধীনে যাওয়ার আগে জনপ্রিয় বা তারকা ব্যক্তিদের মত ‘হাই-প্রোফাইল’ অ্যাকাউন্টের পরিচয় যাচাইয়ের টুল হিসেবে নীল রঙের টিক চিহ্ন ব্যবহার করত টুইটার। সে সময় এটি বিনামূল্যে মিললেও অ্যাকাউন্টধারীর পরিচয় যাচাই করত কোম্পানি নিজেই।

কিন্তু মাস্কের মতে, ওই কৌশলটি ছিল ‘অন্যায়’। প্ল্যাটফর্মের মালিকানা হাতবদল হওয়ার আগে যারা এ সুবিধাটি পেয়েছেন, তাদের অ্যাকাউন্টে এখনও নীল রঙের টিক চিহ্ন আছে। তবে এর মধ্যে কয়েকজন ব্যবহারকারী টিক চিহ্নে চাপলে ‘এটি একটি লিগেসি ভেরিফায়েড অ্যাকাউন্ট’ অথবা ‘এটি উল্লেখযোগ্য নাও হতে পারে’ বার্তা দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

টুইটারের নিজস্ব অ্যাকাউন্ট বলছে, শিগগিরই টিক চিহ্নের বদলে সোনালী রঙের ব্যাজ পাবে বাণিজ্যিক কোম্পানিগুলো। আর সরকারি কর্মকর্তা ও সংস্থার অ্যাকাউন্ট পাবে ধূসর রঙের ব্যাজ।

কিন্তু টুইটারে নাম বা ডিসপ্লে ফটো পাল্টালেই নামের পাশ থেকে নীল টিক চিহ্ন অস্থায়ীভাবে হারাবেন ব্যবহারকারী; পরিবর্তন পর্যালোচনা করে তবেই নামের পাশে নীল টিক ফেরত দেবে টুইটার কর্তৃপক্ষ।

ভুয়া অ্যাকাউন্ট

নভেম্বর মাসে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টকে স্বীকৃতি দেওয়ার সেবাটি চালু করেই বিপাকে পড়েছিল টুইটার। শীর্ষস্থানীয় ব্র্যান্ড এবং তারকা ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট চালু করছিল প্রতারকরা; অন্যদের বিশ্বাসযোগ্যতা পেতে ৮ ডলার খরচ করে নামের পাশে নীল টিক চিহ্ন বসিয়ে নিচ্ছিল তারা। এমনকি, খোদ ইলন মাস্কের ছদ্মবেশ ধারণ করেছিল অনেকে।

যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদক কোম্পানি ‘এলি লিলি’র ছদ্মবেশে এক প্রতারক টুইট করেছিল, “এখন থেকে ইনসুলিন মিলবে বিনা খরচে।”

ওই টুইটে কোম্পানির শেয়ার দরে ধস নেমেছিল। পরে সেই কোম্পানি স্বীকার করে যে, ইনসুলিনের দাম সত্যিই কমানো যেতে পারে।

টুইটারে পরিবর্তন

অক্টোবরের শেষে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার অধিগ্রহণের পর থেকেই প্ল্যাটফর্মে বেশ কিছু পরিবর্তন এনেছেন মাস্ক।

তার দাবি, কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম চালু রাখতেই দৈনিক লোকসান হচ্ছে ৪০ লাখ ডলার।

কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে অর্ধেক কর্মী ছাঁটাই করে এবং বিতর্কিত ব্যক্তিদের নিষিদ্ধ অ্যাকাউন্ট ফেরত দিয়ে ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছেন এর নতুন মালিক।

নির্দিষ্ট সময় ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা অ্যাকাউন্টও মুছে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।